মিরপুরে গত ৬ আগস্ট শুরু হওয়া ফিটনেস ক্যাম্পে কার কতটা উন্নতি হলো- সেই পরীক্ষা ছিল গতকাল সকালে গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে। এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ২৫ ক্রিকেটারের মধ্যে ৭ জন অনুপস্থিত ছিলেন। লিটন দাস অসুস্থতাজনিত কারণে ও তাওহিদ হৃদয় চিকিৎসার জন্য লন্ডনে থাকায় এখনও যোগ দেননি ক্যাম্পে। ফিটনেস ক্যাম্পে যোগ দেওয়া ক্রিকেটারদের মধ্যে সেরা হয়েছে পেসার নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব। এই ফিটনেস টেস্টে পাশ করতে পারেননি মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ। এছাড়া পাশ করতে পারেননি তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও শামীম পাটোয়ারী।
স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ নাথান কেলির অধীনে নতুন নিয়মে ফিটনেস টেস্ট দেন ক্রিকেটাররা। নতুন নিয়মে ৬ মিনিট ৪০ সেকেন্ডের মধ্যে ১৬০০ মিটার দৌড় সম্পন্ন করার সময়সীমা বেঁধে দেওয়া হয়। গতকাল এই ফিটনেস টেস্টে অংশ নেন ২৬ ক্রিকেটার। এদের মধ্যে এই ফিটনেস টেস্টে পাশ করতে পারেননি অন্তত ৫ জন ক্রিকেটার। তারা হলেন- মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও শামীম পাটোয়ারী।
সবার শেষে দৌড় শেষ করা মোস্তাফিজুর রহমানের সময় লেগেছে ৭ মিনিট ২৫ সেকেন্ড। প্রায় একই সময়ে দৌড় শেষ করেছেন আরেক পেসার হাসান মাহমুদ। অন্যদিকে ৫ মিনিট ৩১ সেকেন্ডে ১৬০০ মিটার দৌড় শেষ করে প্রথম হন ডানহাতি পেসার নাহিদ রানা। দ্বিতীয় হওয়া তানজিম হাসান সাকিবের লেগেছে ৫ মিনিট ৫৩ সেকেন্ড। ৩৮ বছর বয়সী মুশফিকুর রহিম ১৬০০ মিটার দৌড় শেষ করেছেন ৬ মিনিট ১০ সেকেন্ডে।
স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ নাথান কেলির অধীনে গতকালকের ফিটনেস টেস্টে পাশ না করা ক্রিকেটারদের পরীক্ষায় উতরে যাওয়ার সুযোগ থাকছে। আজ থেকে ফের ফিটনেস অনুশীলন করবেন ক্রিকেটাররা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

