জোড়া গোলে রেকর্ড শক্তিশালী করলেন মেসি

জোড়া গোলে রেকর্ড শক্তিশালী করলেন মেসি

মেজর লিগ সকারের (এমএলএস) প্রথম ফুটবলার হিসেবে টানা ৪ ম্যাচে একাধিক গোল করার রেকর্ডটি আগেই গড়েছিলেন লিওনেল মেসি- নিউ ইংল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে। এবার নিজের সে রেকর্ডকে আরও শক্তিশালী করলেন আর্জেন্টিনার এই বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

এমএলএসে নিজেদের সবশেষ ম্যাচে রোববার (১৩ জুলাই) ভোরে ন্যাশভিলকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি। চেজে স্টেডিয়ামে স্বাগতিকদের হয়ে দুটি গোলই করেন মেসি। এ নিয়ে টানা ৫ ম্যাচে একাধিক গোলের কীর্তি গড়লেন তারকা ফরওয়ার্ড। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষে লিগের চলমান আসরে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা বনে গেছেন মেসি। ন্যাশভিলের স্যাম সারিজের সমান ১৬ গোল আছে তার নামের পাশে। এছাড়া সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও সাতটি। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে- কতটা ছন্দে আছেন সাবেক পিএসজি তারকা।

বিজ্ঞাপন

এদিন চেনা দূর্গে ১৭ মিনিটে ফ্রি কিক থেকে মিয়ামিকে এগিয়ে নেন মেসি। ক্যারিয়ারে এটা তার ৬৯তম ফ্রি কিক গোল। ৪৯ মিনিটে হানি মুখতারের কল্যাণে ম্যাচে ফেরে ন্যাশভিল। ৬২ মিনিটে মেসি ফের জালের দেখা পান। সে গোলটাই ম্যাচের ব্যবধান গড়ে দেয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন