ফিফা ক্লাব বিশ্বকাপ

রিয়ালের সামনে আজ সালজবুর্গ

রিয়ালের সামনে আজ সালজবুর্গ

আপাতত চোখ রাউন্ড অব সিক্সটিনে। কিন্তু দুটি করে ম্যাচ খেলে ফেললেও এখনো টার্গেট পূরণ করতে পারেনি রিয়াল মাদ্রিদ। ফিফা ক্লাব বিশ্বকাপের নকআউট পর্বে নাম লিখতে আজ শুক্রবার সকালে মাঠে নামছে কোচ জাবি আলোনসোর ক্লাবটি। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ রেড বুল সালজবুর্গ। অস্ট্রিয়ান এ ক্লাবের লক্ষ্যও একই। তারাও উঠতে চায় ক্লাব ফুটবলের বৈশ্বিক আসরের শেষ ষোলো পর্বে। দুদলেরই দরকার জয়।

বিজ্ঞাপন

তবে ড্র করলেও সম্ভাবনা জিইয়ে থাকবে। সেটা হলে অন্য ম্যাচে আল হিলালের হার বা ড্র কামনা করতে হবে দুদলের। কেননা রিয়াল-রেড বুল সালজবুর্গ যদি ড্র করে আর আল হিলাল যদি জিতে যায়, তাহলে তিন দলের পয়েন্ট হবে ৫ পয়েন্ট। সেক্ষেত্রে বিবেচনায় আসবে গোল ব্যবধান। অভিন্ন গন্তব্যে দৃষ্টি রেখে অল ইউরোপিয়ান ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় আজ সকাল ৭টায়। ‘এইচ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে দুদল একে অন্যের মুখোমুখি হবে ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে।

ক্লাব ফুটবলের মহাযজ্ঞে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে স্প্যানিশ জায়ান্ট রিয়াল জিতেছে একটিতে। অন্য ম্যাচটিতে খেয়েছে তারা হোঁচট। নিজেদের প্রথম ম্যাচেই নেইমারের সাবেক ক্লাব সৌদি আরবের আল হিলালের সঙ্গে ড্রয়ে বৈশ্বিক মিশন শুরু করেছিল রিয়াল। পরে দ্বিতীয় ম্যাচে মেক্সিকান ক্লাব পাচুকাকে ৩-১ গোলে উড়িয়ে আসরটিতে প্রথম জয়ের সন্ধান পায় ভিনিসিয়াস জুনিয়র-জুড বেলিংহ্যামরা।

এক জয় আর এক ড্রয়ে রিয়ালের পুঁজি দাঁড়িয়েছে ৪ পয়েন্ট। রেড বুল সালজবুর্গের সংগ্রহও রিয়ালের সমান ৪ পয়েন্ট। পয়েন্ট পুঁজি সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপের শীর্ষে রয়েছে রিয়াল। তারাও এক ম্যাচে জয় পেয়েছে। আর অন্য ম্যাচে হয়েছে জয়বঞ্চিত। নিজেদের প্রথম ম্যাচে পাচুকাকে ২-১ গোলে হারায় রেড বুল সালজবুর্গ। তবে পরের ম্যাচে আল হিলাল তাদের রুখে দেয় গোলশূন্য (০-০) ড্রয়ে।

অন্যদিকে আল হিলালের (২ পয়েন্ট) শেষ ষোলোতে উঠার সম্ভাবনা এখনো টিকে রয়েছে কাগজে কলমে। বিদায় নিশ্চিত হওয়া ক্লাব পাচুকাকে (শূন্য পয়েন্ট) হারাতে পারলে তারাও টিকিট কাটবে পরের রাউন্ডের।

মুখোমুখি

সালজবুর্গ-রিয়াল মাদ্রিদ

আল হিলাল-পাচুকা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন