একাধিক পরিবর্তন নিয়ে জ্যোতির নেতৃত্বে অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড ঘোষণা

একাধিক পরিবর্তন নিয়ে জ্যোতির নেতৃত্বে অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড ঘোষণা

বাংলাদেশ নারী দলের টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন নিগার সুলতানা জ্যোতি। নারী দলে এর আগে সাদা বলে দুই আলাদা অধিনায়ক না থাকায় আলোচনা ছিল, ওয়ানডে নেতৃত্বে জ্যোতিকে ধরে রাখা হবে কিনা। সমর্থকদের সেই কৌতুহল দূর করে জ্যোতির নেতৃত্বেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করেছে বিসিবি।

বিজ্ঞাপন

দলে নতুন মুখ দিশা বিশ্বাস। মাগুরার ২২ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডার বাংলাদেশ ইমার্জিং দল এবং অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন। দক্ষিণ আফ্রিকায় সর্বশেষ ইমার্জিং সিরিজে নজরকাড়া বোলিং করে অস্ট্রেলিয়া সিরিজে ডাক পেয়েছেন তিনি।

ওয়ানডে দলে প্রথমবার ডাক পেয়েছেন হাবিবা ইসলাম পিংকি। ২০২৪ সালের মে মাসে বাংলাদেশের হয়ে একটি টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। এরপর আর সুযোগ পাননি ডানহাতি এই পেসার। ২৮ মাস পর আবার ডাক পেলেন জাতীয় দলে।

২০ মাস পর জাতীয় দলে ফিরেছেন মুর্শিদা খাতুন। ২০২৫ সালের জানুয়ারিতে বাংলাদেশের হয়ে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইমার্জিং সিরিজে পারফর্ম করে ডাক পেয়েছেন এই ব্যাটার। ফারজানা হক পিংকিও লম্বা সময় পর দলে ফিরেছেন।

সর্বশেষ এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা, ফারিহা ইসলাম তৃষ্ণা।

অস্ট্রেলিয়ার মাটিতে এবারই প্রথম কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বে টাইগ্রেসরা।

আগামী ৯, ১১ এবং ১৪ অক্টোবর হবে সিরিজের ম্যাচগুলো। সবগুলো ম্যাচই হবে ব্রিসবেনে।

বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খান, রিতু মনি, সোবহানা মোস্তারি, সারমিন সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, ফারজানা হক, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন ও হাবিবা ইসলাম পিংকি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন