২ ম্যাচের টেস্ট সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল দক্ষিণ আফ্রিকা। সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের ইনিংস ও ২৩৬ রানে হারিয়েছে ভিয়ান মুল্ডারের দল। এর আগে প্রথম টেস্টে ৩২৮ রানে জিতেছিল অতিথিরা।
বুলাওয়েতে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে ৬২৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে ৩৬৭ রানে অপরাজিত থাকেন মুল্ডার। ইনিংস ঘোষণা না করলে টেস্টের এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ৪০০ রানের কীর্তি ভাঙার হাতটানা দূরত্বে ছিলেন প্রোটিয়াদের ভারপ্রাপ্ত অধিনায়ক। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটারের সম্মানে সে পথে হাঁটেননি মুল্ডার। সফরকারীদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৮২ রান করেন ডেভিড বেডিংহাম। প্রিটোরিয়াসের অবদান ৭৮ রান। জিম্বাবুয়ের হয়ে তানাকা চিভাঙ্গা ও কুন্দাই মাতিগিমু দুটি করে উইকেট নেন।
জবাব দিতে নেমে প্রথম ইনিংসে ১৭০ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। বাকিদের আসা যাওয়ার মিছিলের মাঝে দাঁড়িয়ে মারমুখি ব্যাটিংয়ে ৮৩ রানের অপরাজিত ইনিংস খেলেন শন উইলিয়ামস। ৫৫ বলে ৭ চারের পাশাপাশি দুটি ছয় মারেন তিনি। ২৫ রান করেন ওয়েসলে মাধেভেরে। দক্ষিণ আফ্রিকার হয়ে ৪২ রানে ৪ উইকেট নেন প্রিনালান সুব্রায়েন। এছাড়া কোডি ইউসুফ ও মুল্ডারের শিকার দুটি করে উইকেট।
দ্বিতীয় দিনেই ফের ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫১ রানে ১ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে তারা। তখনও ৪০৫ রানে পিছিয়ে ছিল তারা। এই কঠিন পথ পাড়ি দিতে পারেনি স্বাগতিকরা। অলআউট হয় ২২০ রানে। তাদের হয়ে নিক ওয়েলস, আরভিন ও কাইতানো ছাড়া আর কেউ ব্যাট হাতে দাঁড়াতে পারেননি। সর্বোচ্চ ৫৫ রান করেন ওয়েলস। এছাড়া আরভিন ৪৯ ও কাইতানোর ব্যাট থেকে আসে ৪০ রান। শেষদিকে ২২ রান করে দক্ষিণ আফ্রিকার অপেক্ষা বাড়ান চিভাঙ্গা। এই ইনিংসে দক্ষিণ আফ্রিকান বোলারদের মধ্যে সবচেয়ে সফল করবিন বশ। ৩৮ রানে ৪ উইকেট নেন তিনি। এছাড়া সেনুরান মুথুসামি নেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৬২৬/৫ (ডিক্লেয়ার); মুল্ডার ৩৬৭*, বেডিংহাম ৮২, প্রিটোরিয়াস ৭৮; চিভাঙ্গা ২/১১২
জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ১৭০/১০ ও দ্বিতীয় ইনিংস: ২২০/১০ (৭৩.৩ ওভার); ওয়েলস ৫৫, আরভিন ৪৯, কাইতানো ৪০; বশ ৪/৩৮, মুথুসামি ৩/৭৭
ফল: দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ২৩৬ রানে জয়ী
ম্যাচ ও সিরিজ সেরা: ভিয়ান মুল্ডার
সিরিজ: ২-০ ব্যবধানে জয়ী দক্ষিণ আফ্রিকা
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

