চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৩২০ রান জড়ো করেছে নিউজিল্যান্ড। উইল ইয়ং ও টম লাথামের শতকে ভর দিয়ে এই পুঁজি পায় দলটি।
চতুর্থ উইকেটে বড় পুঁজির ভীত গড়ে দেন ইয়াং ও লাথাম। এই জুটিতে ১১৮ রান তোলেন তারা। ইয়াং ব্যক্তিগত ১০৭ রানে নাসিম শাহ’র শিকার হলে এই জুটি ভাঙে।
ইয়াং বিদায় নিলেও ১১৮ রানের অপরাজিত ইনিংস খেলেন লাথাম। ১০৪ বলে ১০ চার ও ৩ ছয় মারেন তিনি। সেঞ্চুরির দেখা না পেলেও নিউজিল্যান্ডকে ৩০০ রানের কোটা পার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন গ্লেন ফিলিপস। ৩৯ বলে ৩ চার ও ৪ ছয়ের সাহায্যে ৬১ রানের ইনিংস খেলেনেএই হার্ডহিটার।
নিউজিল্যান্ডের ইনিংসের শুরুর গল্পটা এমন সুন্দর ছিল না। টস হেরে ব্যাট করতে নেমে চাপে পড়ে কিউইরা। দলীয় ৭৩ রানে ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন ও ড্যারেল মিচেলকে হারায় তারা। যদিও সে ধাক্কা সামলে জোড়া শতকে পাকিস্তানকে চ্যালেঞ্জ জানাল নিউজিল্যান্ড।
তাদের বড় সংগ্রহের দিনে পাকিস্তানের হয়ে হিসেবি বোলিং করেন আবরার আহমেদ। ১০ ওভারে ৪৭ রান খরচ করেন তিনি। বিনিময়ে তুলে নেন কনওয়ের উইকেট। দুটি করে উইকেট নেন হারিস রউফ ও নাসিম শাহ। তারা খরচ করেন যথাক্রমে ৮৩ ও ৬৩ রান।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ডের ইনিংস: ৩২০/৫ (৫০ ওভার); লাথাম ১১৮*, ইয়াং ১০৭; আবরার ১/৪৭
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

