ক্লাব বিশ্বকাপ

মেসির রেকর্ডময় গোলে টিকে রইল মিয়ামি

মেসির রেকর্ডময় গোলে টিকে রইল মিয়ামি

ক্লাব বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি ইন্টার মিয়ামির। নিজেদের প্রথম ম্যাচে আল আহলির সঙ্গে গোলশূন্য ড্র করে তারা। শেষ ষোল’র সম্ভাবনা টিকিয়ে রাখার জন্য তাই পোর্তোর বিপক্ষে জেতার বিকল্প ছিল না তাদের। এমন সমীকরণে ২-১ গোলের জয় তুলে নিয়েছে মিয়ামি। ফ্লোরিডার ক্লাবটির এই জয়ের নায়ক লিওনেল মেসি। তার রেকর্ডময় গোলের সুবাদেই পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে মিয়ামি।

মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচের শুরুটা মিয়ামির হয়ে কথা বলেনি। ম্যাচের অষ্টম মিনিটে স্পট কিক থেকে হজম করা গোলে পিছিয়ে পড়ে তারা। প্রথমার্ধের বাকি সময়ে আর গোলটার শোধ দিতে পারেনি হ্যাভিয়ের মাশচেরানোর শিষ্যরা।

বিজ্ঞাপন

অবশ্য দৃশ্যপট বদলে যেতেও বেশি সময় লাগেনি। ৪৭ থেকে ৫৪- এই সাত মিনিটের ব্যবধানে দুইবার পোর্তোর জালে বল পাঠায় মিয়ামি। প্রথমে তেলাস্কো সেগোভিয়ার গোলে ম্যাচে ফেরে আমেরিকান প্রতিনিধিরা। ৫৪ মিনিটে দর্শনীয় গোলে ব্যবধান গড়ে দেন মেসি।

ডি বক্সের বাইরে মেসি ফাউলের শিকার হয়ে ফ্রি কিক পায় মিয়ামি। সুযোগ পেয়ে দারুণ এক শটে ডানপাশের কোণা দিয়ে জাল কাঁপান আর্জেন্টাইন ফরওয়ার্ড। সরাসরি ফ্রি কিক থেকে এটা তার ৬৮তম গোল। অন্যদিকে মিয়ামির হয়ে গোলের ফিফটি স্পর্শ করলেন মেসি। এজন্য ৬১ ম্যাচ খেলতে হলো তাকে। বার্সেলোনা (১১৯ ম্যাচ) ও আর্জেন্টিনার (১০৭ ম্যাচ) হয়ে গোলের ফিফটি করতে এর চেয়ে বেশি ম্যাচ খেলেছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

এই জয়ে ‘এ’ গ্রুপের দুইয়ে অবস্থান করছে পিএসজি। দুই ম্যাচে তাদের সংগ্রহ চার পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পালমেইরাস। সমান এক পয়েন্ট পাওয়া পোর্তো ও আল আহলির অবস্থান তিন ও চারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন