খুলনাকে হারিয়ে শীর্ষ দুইয়ে জায়গা নিশ্চিত বরিশালের

স্পোর্টস রিপোর্টার

খুলনাকে হারিয়ে শীর্ষ দুইয়ে জায়গা নিশ্চিত বরিশালের
দাভিদ মালান

খুলনা টাইগার্সকে ৫ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। দারুণ জয়টা পেল তারা ৫ বল হাতে রেখেই। এ জয়ে শীর্ষ দুইয়ে থেকে প্লে-অফে খেলা নিশ্চিত করল ক্যাপ্টেন তামিম ইকবালের দল। শুরুতে ব্যাট করে ৫ উইকেটের বিনিময়ে ১৮৭ রানে পুঁজি গড়ে খুলনা। জবাবে ১৯.১ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল।

দল জেতানোর পথে ৩৭ বলে ৬৩ রানের ইনিংস খেলেন দাভিদ মালান। ৮ চারের পাশাপাশি ৩টি ছয় মারেন ইংলিশ ক্রিকেটার। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি। ২৭ রান আসে তামিম ইকবালের ব্যাট থেকে। সমান ২৪ রান করেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। খুলনার হয়ে আবু হায়দার রনি ৩৫ রানে ২ উইকেট নেন।

বিজ্ঞাপন

এর আগে খুলনার প্রথম ৭ ব্যাটারের মধ্যে ৬জনই ২০ রানের কোটা পার করেন। ২৭ বলে সর্বোচ্চ ৫১ রান করেন মোহাম্মদ নাইম। ৩২ রানের ইনিংস খেলেন আফিফ হোসেন। এছাড়া মেহেদি হাসান মিরাজ ২৯, মাহিদুল ইসলাম অঙ্কন ২৭ এবং উইল বোসিস্তো ও অ্যালেক্স রোজ করেন সমান ২০ রান। বরিশালের হয়ে ২ উইকেট নেন ফাহিম আশরাফ। এজন্য ৪৯ রান খরচ করেন এই সিমিং অলরাউন্ডার।

১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে বরিশাল। সমান পয়েন্ট পাওয়া রংপুরের অবস্থান শীর্ষে। রান রেটে এগিয়ে আছে নুরুল হাসান সোহানের দল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন