২০২৬ ফুটবল বিশ্বকাপে শেষ ষোলোর বিতর্কিত ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিদায় নেওয়ার পর রেফারির কড়া সমালোচনা করে ফিফার শাস্তির মুখে পড়েছেন মিসরের কোচ হোসাম হাসান। সঙ্গে তার যমজ ভাই তথা দলীয় পরিচালক ইব্রাহিম হাসান এবং ফরোয়ার্ড মোস্তফা জিকো পেয়েছেন নিষেধাজ্ঞা। মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) নিশ্চিত করেছে, রেফারির বিরুদ্ধে প্রশ্ন তোলা ও অসৌজন্যমূলক মন্তব্যের কারণে এই তিনজনকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
আটলান্টায় নাটকীয় সেই ম্যাচে ৭৭ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকে জয়ের খুব কাছে ছিল মিসর। তবে শেষ মুহূর্তে মেসি, রোমেরো ও ফার্নান্দেজের গোলে ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। ম্যাচের শেষ দিকে ফাউলের অভিযোগে মিসরীয় ফরোয়ার্ড জিকোর একটি গোল বাতিল করা এবং পেনাল্টির জোরালো আবেদন নাকচ করে দেওয়ার সিদ্ধান্তে মারাত্মক ক্ষোভ জন্মায় মিসর শিবিরে।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ৬০ বছর বয়সী কোচ হোসাম হাসান ক্ষোভ উগরে দিয়ে বলেন, 'বিশ্ব চ্যাম্পিয়ন ও মেসিকে টুর্নামেন্টে টিকিয়ে রাখার জন্যই হয়তো মাঠ ও মাঠের বাইরের সিদ্ধান্তগুলো প্রভাবিত করা হয়েছে।' তিনি অভিযোগ করেন, তাদের সঙ্গে স্পষ্ট অন্যায় করা হয়েছে।
কোচ হাসানের এমন বক্তব্যের কারণে তাকে এবং তার যমজ ভাই ইব্রাহিম হাসানকে ৩ ম্যাচ করে নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। অন্যদিকে ম্যাচ শেষে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েকে নিয়ে সরাসরি কটূক্তি করায় ফরোয়ার্ড মোস্তফা জিকোকে সর্বোচ্চ ৫ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
তবে ফিফার রেফারিং প্রধান পিয়েরলুইজি কলিনা রেফারি লেতেক্সিয়েরা পক্ষে অবস্থান নিয়ে জানান, ম্যাচের পারফরম্যান্স নিয়ে এ ধরনের অযাচিত অভিযোগ রেফারি ও তাদের পরিবারের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে। এই শাস্তির বিরুদ্ধে আইনি আপিল করার প্রক্রিয়া খতিয়ে দেখছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। নিষেধাজ্ঞার কারণে আগামী নভেম্বরে আফ্রিকা কাপ অব নেশনস (এএফসিওএন) বাছাইপর্বে মালাউইয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রধান কোচ ও পরিচালককে ছাড়াই মাঠে নামতে হবে মিসরকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

