জোড়া গোলে মেসির নতুন রেকর্ড

জোড়া গোলে মেসির নতুন রেকর্ড

বর্ণিল ফুটবল ক্যারিয়ারে কত রেকর্ড যে লুটোপুটি খেয়েছে লিওনেল মেসির পায়ে; ইয়ত্তা নেই। এখনো চলছে এ আর্জেন্টাইন ফুটবল জাদুকরের রেকর্ড ভাঙা-গড়ার খেলা। এবার মেসি নয়া কীর্তি গড়লেন মেজর লিগ সকারে (এমএলএস)।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে জোড়া গোল করেছেন মিয়ামির এ প্রাণভোমরা। তাতেই কাতার বিশ্বকাপ জয়ী এ মেগাস্টার পৌঁছে গেছেন নতুন মাইলফলকে। এমএলএসের ইতিহাসে টানা চার ম্যাচে একের অধিক গোল স্কোরের রেকর্ড গড়লেন মেসি। জিলেট স্টেডিয়ামে রেকর্ড গড়ার ম্যাচে তার দল পেয়েছে ২-১ গোলের দারুণ এক জয়।


এমএলএসে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপে পা রেখেছিলেন মেসি। বৈশ্বিক আসরের শেষ ষোলো পর্ব থেকে মিয়ামি ছিটকে গেলেও এ ফুটবল মহাতারকা লিগে নিজের দুর্দান্ত ছন্দটা ধরে রেখেছেন। আগের তিন ম্যাচে জোড়া গোল স্কোরের পর নিউ ইংল্যান্ডের বিপক্ষেও পেলেন ডাবল গোলের রোমাঞ্চের স্বাদ। ম্যাচের ২৭ মিনিটে বাঁ পায়ের চোখধাঁধানো শটে প্রথম গোল করেন। পরে ৩৮ মিনিটে সার্জিও বুসকেটসের কাছ থেকে বল পেয়ে ক্ষিপ্রগতির শটে জোড়া গোল পূর্ণ করেন এ সুপারস্টার।


গত মে’তে মন্ট্রিলের বিপক্ষে জোড়া করেন মেসি। পরে কলম্বাস ও মন্ট্রিলের বিপক্ষে জোড়া গোল করেন। মেসির দুর্দান্ত পারফরম্যান্সে যুক্তরাষ্ট্রের লিগে টানা পাঁচ ম্যাচ ধরে অজেয় রয়ে গেল মেসির দল। এর মধ্যে জয় পেয়েছে চারটিতে। ড্র একটি ।


চলতি বছর এমএলএসে ১৫ ম্যাচ খেলে মেসি গোল পেয়েছেন ১৪টি। সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসি অবশ্য দ্বিতীয়। ন্যাশভিলের স্যাম সারিজের চেয়ে দুই গোল পিছিয়ে রয়েছেন তিনি। সারিজ অবশ্য ছয়টি ম্যাচ বেশি খেলেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন