ফিফা আসিয়ান কাপ

কাউকে ভয় নয়, পয়েন্ট চান হামজা

কাউকে ভয় নয়, পয়েন্ট চান হামজা
অনুশীলনে কোচ ডুলির সঙ্গে হামজা- ছবি বাফুফে

ফিফা আসিয়ান কাপে গ্রুপ পর্বে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ এ তিনটি দলই ফিফা র‌্যাংকিংয়ে অনেক এগিয়ে। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হবে বলে বাস্তবতা জানেন দেওয়ান হামজা চৌধুরী নিজেও। তবে কাউকে ভয় পাওয়া নয়, বরং টুর্নামেন্টে যত সম্ভব বেশি পয়েন্ট অর্জন করার লক্ষ্যের কথা জানালেন হামজা। আজ বুধবার ইন্দোনেশিয়ার জাকার্তায় বাংলাদেশ দলের অনুশীলনের ফাঁকে বাফুফের পাঠানো ভিডিও বার্তা এ কথা বলেছেন তিনি। হামজার মতে, আসিয়ান কাপের মতো টুর্নামেন্টে খেলতে পারাটা বড় সুযোগ। যেখানে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে নিজেদের প্রমাণ করার দারুণ এক মঞ্চ।

বিজ্ঞাপন

হামজা বলেন, ‘আমরা এই টুর্নামেন্টে খেলতে পারায় রোমাঞ্চিত ও সম্মানিত। আমাদের জন্য এটি একটি বড় সুযোগ। র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছি আমরা। তাই আমি মনে করি, আমরা যত বেশি সম্ভব পয়েন্ট যেন তুলতে পারি। আমরা এখানে কাউকে ভয় পেতে আসিনি। আমরা জানি, আমরা কি করতে সক্ষম। ইনশাআল্লাহ, আমাদের জন্য শেখার একটি প্রক্রিয়া এটি। যতটা সম্ভব আমরা অভিজ্ঞতা অর্জন করতে চাই। আশা করি, আমরা দেশকে গর্বিত করতে পারব।’

এখন পর্যন্ত ইন্দোনেশিয়ায় দলের অভিজ্ঞতা বেশ ইতিবাচক বলে জানালেন হামজা। ইন্দোনেশিয়ার আতিথেয়তা, ফুটবলের প্রতি তাদের আগ্রহ এবং অনুশীলনের সুযোগ-সুবিধা সবকিছুই মুগ্ধ করেছে তাকে। হামজা বলেন, ‘সত্যি বলতে, যেমনটা আশা করেছিলাম, ঠিক তেমনই। এখানকার মানুষ অসাধারণ, খুব বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক। এখানে ফুটবলও অনেক বড় বিষয়। সুযোগ-সুবিধাগুলোও খুব ভালো। তাই শুক্রবার খেলতে নামার জন্য মুখিয়ে আছি। দেখা যাক, কী হয়।’ মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসিয়ান কাপে বাংলাদেশের মিশন শুরু হবে এ দিন।

হামজা বলেন, ‘অবশ্যই তারা ভালো র‍্যাংকিংয়ে আছে। অনেক মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে তাদের দলে। খুব ভালো একজন প্রধান কোচও আছেন। বিশেষ করে পরবর্তী বিশ্বকাপ বাছাইপর্বের কথা যদি বলেন, বিশ্বকাপে যাওয়ার দৌড়ে তারা থাকবে না, এমনটা হলে আমি অবাক হব। একটি দেশ হিসেবে তারা ফুটবলের ওপর অনেক গুরুত্ব দেয়। তাই আমার মনে হয়, তাদের খুব ভালো একটি দল আছে।’ হামজা জানান, এশিয়ান কাপের মিশনে নামার আগে দলের অনুশীলনের পরিবেশ ভালো। অনুশীলনের মাঠ মানসম্মত ও উপযোগী। এখন পর্যন্ত অভিযোগ করার মতো কিছুই নেই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন