রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে উড়িয়ে স্প্যানিশ সুপার কাপ জেতার সুখস্মৃতি এখনও টাটকা। এরই মধ্যে ফের গোল উৎসব করল বার্সেলোনা। এ যাত্রায় কোপা দেল রের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে ৫-১ ব্যবধানের বড় জয় তুলে নিয়েছে কাতালানরা।
এই জয়ে স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতার শেষ আটে পৌঁছে গেছে বার্সা৷ নিজেদের দূর্গ অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে স্বাগতিকরা। তাদের দুর্দান্ত সব আক্রমণে নাজেহাল হয়ে পড়ে বেতিসের খেলোয়াড়রা। পাঁচ গোলের মধ্যে দুইটাই প্রথমার্ধে করে তারা।
এগিয়ে যেতে বেশি সময় নেয়নি বার্সা। ম্যাচের তৃতীয় মিনিটে স্বাগতিকদের হয়ে স্কোরশিটে নাম লেখান গাভি। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জৌলস কুন্দ। সুযোগ নষ্টের ভীড়ে প্রথমার্ধে আর বেতিসের জালের ঠিকানা খুঁজে পায়নি বার্সা।
বিরতি থেকে ফেরার ১৩ মিনিটের মাথায় স্কোরলাইন ৩-০ করেন রাফিনহা। ৬৭ ও ৭৫ মিনিটে বার্সার হয়ে একটি করে গোল করেন ফেররান তরেস ও লামিনে ইয়ামাল। নির্ধারিত সময়ের ছয় মিনিট আগে বেতিসের হয়ে একটি গোল শোধ দেন রকি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

