বিশ্বকাপের আগে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে অন্যতম ফেভারিট হিসেবেই দেখছেন ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র। আর সেই বিশ্বাসের বড় কারণ লিওনেল মেসি। ব্রাজিলিয়ান এই উইঙ্গারের মতে, ৩৮ বছর বয়সেও ম্যাচের গতিপথ এক মুহূর্তে বদলে দেওয়ার ক্ষমতা রাখেন আর্জেন্টাইন অধিনায়ক।
সবশেষ বিশ্বকাপে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। অন্যদিকে ব্রাজিলের ‘হেক্সা’ স্বপ্ন এখনও অপূর্ণ। এবার কার্লো আনচেলত্তির অধীনে সেই অপেক্ষার অবসান ঘটাতে চায় সেলেসাওরা। তবে প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার শক্তিমত্তা নিয়েও যথেষ্ট সতর্ক ভিনিসিয়ুস।
কেজটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি আর্জেন্টিনাকেও বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে রাখব। কারণ তারা বর্তমান চ্যাম্পিয়ন। তাদের আত্মবিশ্বাস আছে, আর আছে মেসি।”
ভিনিসিয়ুসের মতে, আর্জেন্টিনার দল ভারসাম্যপূর্ণ হলেও সবচেয়ে বড় পার্থক্য গড়ে দিতে পারেন মেসিই। বয়স বাড়লেও তার খেলার ধরন এখনও প্রতিপক্ষের জন্য সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর একটি।
ব্রাজিলিয়ান এই তারকা বলেন, “সে সবসময় ভিন্ন কিছু করে। সে কী করে বসবে, তা কখনো ভাবাই যায় না।”
মেসির অনিশ্চিত ও সৃজনশীল খেলার ধরন ডিফেন্ডারদের জন্য সবসময়ই বড় মাথাব্যথা বলে মনে করেন ভিনিসিয়ুস। তাই বিশ্বকাপে আর্জেন্টিনাকে থামাতে হলে মেসিকে সামলানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

