মাঠের লড়াইয়ে খারাপ সময়টা কিছুতেই যেন পিছু ছাড়ছিল না। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে পেয়েই জ্বলে উঠল আর্জেন্টিনা। নিজেদের মাঠে বিধ্বস্ত করল প্রতিবেশীদের। বিশ্বকাপ বাছাইপর্বে লিওনেল মেসিকে ছাড়াই আলবিসেলেস্তেরা জিতল ৪-১ গোলে।
বুয়েনস আইরেসের এস্তাদিও মাস মনুমেন্তালে ব্রাজিলের ওপর ফুটবলীয় শাসন চালাল আর্জেন্টিনা। মাঠের লড়াইয়ে আকাশী নীল-সাদা জার্সিধারীদের প্রতাপ বিস্তারের ম্যাচে ব্রাজিল হয়ে রইল বিবর্ণ। রাফিনহা আলো ছড়ানোর চেষ্টা করে হলেন ব্যর্থ। আর তার সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো হয়ে রইলেন নিজেদের ছায়া হয়ে। তাই তো দলের ফুটবলারদের চোট সমস্যা নিয়েও ব্রাজিলকে উড়িয়ে দিল আর্জেন্টিনা।
দলে ছিলেন না লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, পাওলো দিবালাসহ নিয়মিত একাদশের আরও কয়েকজন ফুটবলার। দিন কয়েক আগেও এই দল নিয়ে উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা পেয়েছিল ঘাম ঝরানো কষ্টের জয়। কিন্তু নিজেদের মাঠে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পেয়েই হেসেখেলেই হারিয়ে দিল কোচ লিওনেল স্কালোনির শিষ্যরা।
ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগেই ২০২৬ বিশ্বকাপের টিকিট পেয়েছে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসেবে ফুটবলের এ বৈশ্বিক আসরে জায়গা করে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বাছাইপর্বের অন্য ম্যাচে উরুগুয়ের সঙ্গে বলিভিয়া গোল শূন্য ড্র করায় বিশ্বকাপের মূলপর্বে নিজেদের নাম লিখে ফেলেছে কোচ লিওনেল স্কালোনির শিষ্যরা। দারুণ এই উপলক্ষটা আর্জেন্টিনা উদযাপন করল দাপুটে এক রোমাঞ্চকর জয়ে।
প্রথমার্ধে আর্জেন্টিনা পেয়ে যায় তিন গোলের দেখা। হুলিয়ান আলভারেজ দলকে লিড এনে দেন ম্যাচের চতুর্থ মিনিটে। আট মিনিট বাদে গোল ব্যবধান দ্বিগুণ করে বসেন এনসো ফের্নান্দেজ। ৩৭ মিনিটে ব্রাজিলের জালে বল জড়ান অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ৭২ মিনিটে গ্যল এনে দেন জুলিয়ানো সিমেওনে। অবশ্য ম্যাচের ২৬ মিনিটে ব্রাজিলকে সান্ত্বনার গোলটি এনে ছিলেন ম্যাথুস কুনহা। কিন্তু খেলায় ফিরতে পারেনি তারা।
এ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে পাঁচ ম্যাচ ধরে জয়ের দেখা নেই ব্রাজিলের। পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই হার মেনেছে কোচ দরিভালের শিষ্যরা। তিন বারের বিশ্ব কাপজয়ী আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল সবশেষ জয় পেয়েছিল ২০১৯ সালের কোপা আমেরিকায়।
বিশ্বকাপ বাছাইপর্বে এ নিয়ে ১৪ ম্যাচ খেলে ১০ জয় ও ১ ড্রয়ে আর্জেন্টিনা পুঁজি গড়েছে ৩১ পয়েন্টের। অন্য ম্যাচে চিলির সঙ্গে গোলশূন্য ড্র করা ইকুয়েডর ২৩ পয়েন্টের সংগ্রহ নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। সমান ২১ পয়েন্ট নিয়ে তাদের পরেই রয়েছে যথাক্রমে উরুগুয়ে, ব্রাজিল ও প্যারাগুয়ে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

