১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

ভোট উৎসব আনন্দে ক্রীড়াবিদরা

ভোট উৎসব আনন্দে ক্রীড়াবিদরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উৎসবের অংশীদার হলেন দেশের তারকা খেলোয়াড়রাও। আজ বৃহস্পতিবার ক্রিকেটার, ফুটবলার থেকে শুরু বিভিন্ন ইভেন্টের ক্রীড়াবিদরা নীল কালির ছাপ ও ব্যালট পেপারে রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন করেন। লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগের আনন্দ-উৎসবে সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে একাকার হলেন তারা। দেশের ভবিষ্যত নির্ধারণের জন্য একটি ভোট দিতে পারাটা অন্যরকম এক তৃপ্তির বিষয়। শুধু রাজধানী ঢাকা শহরই নয়, জেলাশহরগুলোর ভোট কেন্দ্রে ক্রীড়াবিদদের সরব উপস্থিতি ছিল।

চট্টগ্রামে আজ ভোট দিয়ে আনন্দ প্রকাশ করেছেন সাবেক ক্রিকেটে দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। চট্টগ্রাম-৯ আসনের ভোটার তিনি। সকাল ১১টার পর চট্টগ্রাম নগরের আসকার দীঘির পাড়ের আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রে ভোট দেন তামিম। ভোটগ্রহণ শেষে সেনাবাহিনীর সদস্যরা তাকে গাড়িতে করে বাড়ি পৌঁছে দেন। ভোট দেওয়ার পর তামিম সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘জীবনে প্রথমবার ভোট দিলাম। খুব ভালো লাগছে। ভোটের পরিবেশও ভালো। আমি পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি।’

বিজ্ঞাপন

ফেসবুকে ভোট কেন্দ্রের ছবি পোস্ট করে তামিম লিখেছেন, ‘ভোট আমার নাগরিক অধিকার। নিজে ভোট দিলাম এবং দেখলাম স্বতঃস্ফূর্ত উৎসাহে অনেকেই ভোট দিচ্ছেন। সুশৃঙ্খল ও সুষ্ঠ ব্যবস্থাপনায় সবাইকে সহায়তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীকে অসংখ্য ধন্যবাদ।’

ঢাকায় ভোট দিয়েছেন তাসকিন আহমেদ। এই পেসার ফেসবুকে লিখেছেন, ‘একজন সচেতন নাগরিক হিসেবে সবারই নিজের গণতান্ত্রিক অধিকার রক্ষার্থে ভোট দেওয়া উচিত। আমিও আমার ভোটাধিকার প্রয়োগ করেছি। আমরা সকলে মিলে একটি নতুন, সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছি এবং সেই দিনের অপেক্ষায় আছি।’ বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল সন্তানদের সঙ্গে নিয়ে ঢাকা-৯ আসনে ভোট দিয়েছেন। ফেসবুকে তিনি লিখেছেন, ‘সন্তানদের সঙ্গে নিয়ে আজ ভোট দিলাম। দায়িত্ববোধ শেখানো শুরু ঘর থেকেই।’

খুলনা-৩ আসনের ভোটার নুরুল হাসান সোহান। নিজ এলাকা দৌলতপুরে কেন্দ্রে ভোট দিয়েছেন এই ক্রিকেটার। অলরাউন্ডার সাইফউদ্দিন নিজ এলাকা ফেনীতে ভোট দিয়েছেন। প্রথম ভোট দেওয়ার অভিজ্ঞতা শেয়ার করে ফেসবুকে মাহমুদুল হাসান জয় লিখেছেন, ‘দিয়ে আসলাম, জীবনের প্রথম ভোট।’ রংপুরে প্রথমবার ভোট দিলেন যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী। প্রথমবার ভোট দিলেন নারী ক্রিকেটার রুমানা আহমেদও। নারী দলের তারকা বোলার মারুফা আক্তার জীবনের ভোট দিয়ে ফেসবুকে সেলফি পোস্ট করেছেন।

এদিকে নারায়ণগঞ্জ-৩ আসনের ভোটার জাতীয় ফুটবল দলের অধিনায়ক তপু বর্মণ। ভোট দেওয়ার পর তপু বললেন, ক্রীড়াঙ্গণের উন্নতি দেখতে চান তিনি। অপরদিকে, ফরিদপুর-৪ আসনে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন উদীয়মান ফুটবলার শেখ মোরসালিন। আর্দশ মাধ্যমিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর মোরসালিন বলেছেন, ‘উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছি। ভোট দিতে বেশি সময় লাগেনি।’

তিনবারের সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুন ভোট দিয়ে ফেসবুকে ছবি পোস্ট করে লিখেছেন, ‘দিয়েছি।’ তবে ভোট দেননি ঋতুপর্ণা চাকমারা। নারী ফুটবল লিগে শেষ রাউন্ডের খেলা থাকায় নারী ফুটবলারদের প্রায় সবাই ক্যাম্পে আছেন। তাই ভোট দিতে যাননি তারা। অপরদিকে, যুব হকির পোস্টার বয় আমিরুল ইসলাম ভোট দিয়েছেন ফরিদপুর-৩ আসনে। এবারই প্রথমবার ভোট দিলেন এই তারকা। তাই তার মধ্যে বাড়তি রোমাঞ্চ কাজ করেছে।

জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়ন নোশিন আঞ্জুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীর এবারই প্রথম ভোট দিয়েছেন। খিলগাঁওয়ের বাসিন্দা নোশিনের ভোট কেন্দ্র খিলগাঁও মডেল স্কুল। দুপুরের দিকে ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নোশিন বলেন, ‘প্রথম সব কিছুই ভিন্ন অনুভূতি। জাতীয় নির্বাচনে প্রথম ভোট দিয়েছি। তাই একটু রোমাঞ্চিত।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন