বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে চিটাগং কিংসের বিপক্ষে আগে ব্যাট করে ১৬৩ রানের চ্যালেঞ্জিং পুঁজি পেল খুলনা কিংস। শিমরন হেটমায়ারের ব্যাটিং ঝড়ে স্কোরবোর্ডে এই পুঁজি পায় ফ্রাঞ্চাইজিটি।
ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৩৩ বলে ৬৩ রানের ইনিংস খেলেন হেটমায়ার। তার ইনিংসটি সাজানো ছিল ৬ চার ও ৪ ছয়ের মারে। ৩২ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে খুলনা। দলীয় ৪২ রানে মেহেদি হাসান মিরাজ, অ্যালেক্স রোজ, মোহাম্মদ নাইম ও আফিফ হোসেন ধ্রুব’র উইকেট হারায় তারা। এদের মধ্যে সর্বোচ্চ ১৯ রান করেন নাইম।
৪ উইকেট হারানো খুলনার ইনিংস গড়ার দায়িত্ব নিয়েছেন অঙ্কন ও হেটমায়ার। পঞ্চম উইকেটে ৭৩ রান যোগ করেন এই দুজন। খুলনার হয়ে বল হাতে সামনে থেকে নেতৃত্ব দেন বিনুরা ফার্নান্দো। ২৭ রানে ২ উইকেট নেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

