ম্যাচের পুরোটা সময় থাকলেন মাঠের লড়াইয়ে। তবে দ্যুতি ছড়াতে পারলেন না লিওনেল মেসি। থাকলেন নিজের ছায়া হয়ে। নিষ্প্রভ মেসি পেলেন না গোলের দেখা। সতীর্থদের গোলেও রাখতে পারলেন না অবদান। আক্রমণ, ড্রিবলিং, পাসিং আর গোলমুখে শট- সব জায়গাতেই নিজেকে ঠিক মেলে ধরতে পারলেন না। আর্জেন্টাইন ফুটবল জাদুকরের গোলহীন ম্যাচে তার ক্লাব ইন্টার মিয়ামিও থেকে গেল জয়বঞ্চিত। মেজর লিগ সকারের (এমএলএস) ছয় গোলের থ্রিলার ম্যাচে মেসিদের ৩-৩ গোলে রুখে দিয়েছে ক্লাব সান জোসে।
সান জোসে আর্থকোয়েকস ক্লাবটির ডাকনাম কোয়েকস। যার অর্থ 'ভূমিকম্প'। ঘরের মাঠ পেপ্যাল পার্কে মেসিদের বিপক্ষে নিজেদের নামের স্বার্থকতার প্রমাণ রাখল দলটি। প্রথমার্ধেই মিয়ামির জাল কাঁপিয়েছে সান জোসে তিন বার। ক্রিস্তিয়ান আরাঙ্গো, বো লেরো ও ইয়ান হারকেসের দেওয়া তিন গোলে ভূকম্পন কিছুটা হলেও টের পেয়েছে যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার বাসিন্দারা।
ম্যাচে দুবার পিছিয়ে পড়ে ছিল মিয়ামি। আর্জেন্টাইন উইঙ্গার তাদেও আলেন্দে জোড়া গোল করে খেলায় ফেরার রসদ যুগিয়েছিলেন। কিন্তু লাভ হয়নি। পরাজয় এড়াতে পারেনি মিয়ামি। মিয়ামির জার্সিতে প্রথম গোলটি উপহার দিয়েছিলেন অবশ্য উরুগুয়ের রক্ষণভাগের ফুটবলার মাক্সিমিলিয়ানো ফালকন। গোলটি আসে ম্যাচ শুরুর ৩৫ সেকেন্ডের মধ্যে। যা ক্লাবটির ইতিহাসে তৃতীয় দ্রুততম গোলের রেকর্ড।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

