গুঞ্জনটা আগেই শোনা গিয়েছিল। এবার সেটার অনুমোদন দিলো ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। বার্সেলোনা–ভিয়ারিয়ালের লা লিগা ম্যাচ যুক্তরাষ্ট্রের মিয়ামিতেই আয়োজন করার অনুমতি দিয়েছে তারা। অনেকটা অনিচ্ছা সত্ত্বেও এই অনুমোদন দিয়েছে উয়েফা।
উয়েফা জানায়, নিজ দেশের বাইরে ঘরোয়া লিগের ম্যাচ আয়োজনের ধারণার ‘স্পষ্ট বিরোধী’ তারা। তবে ফিফার অস্পষ্ট নীতিমালার কারণে ব্যতিক্রম হিসেবে দুটি প্রস্তাবে সম্মতি দেওয়া হয়েছে। এ দুই প্রস্তাবের একটি লা লিগার (বার্সেলোনা-ভিয়ারিয়াল) এবং অন্যটি সিরি আ’র (এসি মিলান-কোমো) ম্যাচ।
আগামী ২১ ডিসেম্বর মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে বার্সেলোনা-ভিয়ারিয়ালের ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা। এরপর এসি মিলান ও কোমোর মধ্যে সিরি আ–র ম্যাচটি আগামী বছরের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার পার্থে হতে পারে। এখন কেবল ফিফার সবুজ সংকেতের অপেক্ষা।
ম্যাচ দুটি মিয়ামি ও পার্থে আয়োজন করা যায় কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফিফা। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি এখনো নতুন বিধিমালা প্রণয়নের কাজ সম্পন্ন করার পথে রয়েছে। তবে এমন সিদ্ধান্তটি ইউরোপজুড়ে সমর্থকগোষ্ঠীগুলোর তীব্র বিরোধিতার মুখে পড়েছে।
উয়েফার এই সিদ্ধান্তকে লা লিগার বড় জয় হিসেবে দেখা হচ্ছে। ২০১৭ সাল থেকে লা লিগা কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রে একটি লিগ ম্যাচ আয়োজনের চেষ্টা চালিয়ে আসছে। এখন কনকাক্যাফ ও যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনকে বিষয়টি জানানো হবে। তাদের কাছে থেকেও সবুজ সংকেত লাগবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

