স্প্যানিশ লা লিগায় জয়রথ অব্যাহত আছে বার্সেলোনার। নিজেদের সবশেষ ম্যাচে ওসাসুনাকে ৩-০ গোলে হারিয়েছে কাতালানরা। এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে গেছে টেবিলের শীর্ষে থাকা দলটি। এরপরও ব্যস্ত সূচির কারণে লিগ কর্তৃপক্ষের ওপর ক্ষোভ প্রকাশ করেছে বার্সার কোচ ও খেলোয়াড়রা।
ওসাসুনার বিপক্ষে বার্সার এই ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল চলতি মাসের শুরুর দিকে। কিন্তু বার্সার এক চিকিৎসকের মৃত্যুতে ম্যাচটি স্থগিত করা হয়। নতুন সূচিতে আন্তর্জাতিক বিরতির ঠিক পরই ম্যাচটি আয়োজনের সিদ্ধান্ত নেয় লা লিগা কর্তৃপক্ষ। ব্যস্ত সূচিতে খেলোয়াড়দের ইনজুরিতে পড়ার শঙ্কা থাকায় তারিখ পিছিয়ে দেওয়ার আহ্বান জানায় দুই ক্লাব। তাতে অবশ্য কর্ণপাত করেনি কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক সূচি শেষে পর্যাপ্ত বিশ্রাম ছাড়া মাঠে নামায় ক্ষতি হয়েছে বার্সার। অলিম্পিক লুইস স্টেডিয়ামে ওসাসুনার বিপক্ষে ম্যাচের ২১ মিনিটে স্বাগতিকদের হয়ে দ্বিতীয় গোলটি করেন দানি ওলমো। তার ছয় মিনিট পর চোট পেয়ে মাঠ ছাড়েন এই স্প্যানিশ তারকা। ওলমোর চোটের জন্য ব্যস্ত সূচিকে দায়ী করে ক্ষোভ উগড়েছেন বার্সার প্রধান কোচ হান্সি ফ্লিক ও ডিফেন্ডার জুলস কোন্দ।
ক্ষোভ প্রকাশ করতে গিয়ে ফ্লিক বলেন, ‘মাঠে নামার জন্য এটা সঠিক সময় ছিল না। মাত্রই আন্তর্জাতিক বিরতি শেষ হয়েছে। আমর জিতেছি ঠিকই। কিন্তু এজন্য আমাদের বড় ক্ষতি হয়ে গেছে। ওলমোকে হারাতে হয়েছে।’
ব্যস্ত সূচি প্রসঙ্গে কোন্দ বলেন, ‘খেলোয়াড়রা তো আর যন্ত্র নয়। মাঠে সব ধরনের চাহিদা মেটানোর জন্য আমাদের বিশ্রামের প্রয়োজন হয়। সবথেকে বড় কথা হলো, এতো ব্যস্ত সূচি রেখে ফুটবলারদের প্রতি অসম্মান করা হয়। এটা সবাইকে বোঝা উচিত।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

