দুটি গোল, অ্যাসিস্ট এবং রেকর্ড

মেসির মনে রাখার মতো ম্যাচ

মেসির মনে রাখার মতো ম্যাচ

মেজর লিগ সকারে (এমএলএস) কলম্বাসের বিপক্ষে ৫-১ গোলের অনায়াস জয় তুলে নিয়েছে ইন্টার মিয়ামি। ফ্লোরিডার ক্লাবটির এই জয়ের নায়ক লিওনেল মেসি। জোড়া গোল করেছেন আর্জেন্টাইন তারকা। এছাড়া সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি। সব মিলিয়ে মনে রাখার মতো একটা ম্যাচ পার করেছেন মেসি।

কলম্বাসের বিপক্ষে ম্যাচ শেষে মিয়ামির হয়ে মেসির গোল সংখ্যা দাঁড়িয়েছে ৩১ এ। ক্লাবটির হয়ে সর্বোচ্চ গোলদাতা বনে গেছেন কাতার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। কলম্বাসের বিপক্ষে মাঠে নামার আগে সাবেক আর্জেন্টাইন সতীর্থ গঞ্জালো হিগুয়াইয়েন সঙ্গে মিয়ামির হয়ে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা ছিলেন মেসি। এবার দুই গোল করে ছাড়িয়ে গেলেন হিগুয়াইনকে।

বিজ্ঞাপন

চেজে স্টেডিয়ামে ম্যাচের ১৩তম মিনিটে মেসির লং পাস থেকে মিয়ামিকে এগিয়ে নেন তাদেও আলেন্দে। সতীর্থকে দিয়ে শুরু করার পর ১৫ ও ২৪ মিনিটে স্কোরশিটে নাম লিখান মেসি। ৫৮ মিনিটে একমাত্র গোলটা হজম করে স্বাগতিকরা। ৬৪ মিনিটে মিয়ামির হয়ে স্কোরলাইন ৪-১ করেন লুইস সুয়ারেজ।

তার আগে সতীর্থ সেগোভিয়ার কাছ থেকে বল পান উরুগুইয়ান তারকা। এই গোলেও অবদান আছে মেসির। ওয়ান টু ওয়ান খেলে সেগোভিয়াকে পাস দেন আটবারের ব্যালন ডি’অর জয়ী। নির্ধারিত সময়ের এক মিনিট আগে ফাফা পিকাল্টকে দিয়ে গোল করান মেসি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন