ইতিহাস ছোঁয়ার অপেক্ষায় স্কটল্যান্ড, সামনে শক্তিশালী মরক্কো

স্পোর্টস রিপোর্টার

ইতিহাস ছোঁয়ার অপেক্ষায় স্কটল্যান্ড, সামনে শক্তিশালী মরক্কো

২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর একটি হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে স্কটল্যান্ড ও মরক্কো। জিলেট স্টেডিয়ামে দুদলের লড়াই শুরু হবে আগামীকাল শনিবার ভোররাত ৪টায়। এ ম্যাচটি দুদলের জন্যই নকআউট পর্বে যাওয়ার সমীকরণ মেলানোর পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে হাইতিকে ১-০ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের শীর্ষে রয়েছে স্কটল্যান্ড। প্রথমার্ধে জন ম্যাকগিনের করা একমাত্র গোলটি ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল। ম্যাচটিতে স্কটিশদের পারফরম্যান্স খুব একটা নজরকাড়া না হলেও জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করাটা স্টিভ ক্লার্কের শিষ্যদের আত্মবিশ্বাস জোগাবে। এ ম্যাচে মরক্কোকে হারাতে পারলেই প্রথমবারের মতো কোনো বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের নকআউট পর্বে খেলার ঐতিহাসিক গৌরব অর্জন করবে ‘দ্য টার্টান আর্মি’। এমনকি অন্য ম্যাচে ব্রাজিল যদি হাইতির বিরুদ্ধে জয় পেতে ব্যর্থ হয়, তবে স্কটল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই রাউন্ড অব ৩২-এ পা রাখবে।
অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ব্রাজিলের সঙ্গে ১-১ গোলে ড্র করে দ্বিতীয় স্থানে রয়েছে মরক্কো। ইসমায়েল সাইবারির গোলে মরক্কো এগিয়ে গেলেও ভিনিসিয়ুস জুনিয়রের গোলে সমতায় ফেরে ব্রাজিল। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোকে এবারের আসরেও ‘ডার্ক হর্স’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। কোচ মোহামেদ ওয়াহবির দল জিতলে সরাসরি নকআউট নিশ্চিত করতে না পারলেও শেষ ষোলোর দৌড়ে অনেকটা এগিয়ে যাবে।
ঐতিহাসিক পরিসংখ্যান অবশ্য মরক্কোর পক্ষে কথা বলছে। ১৯৯৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে এ দুদলের একমাত্র দেখায় মরক্কো ৩-০ গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়েছিল। ফলে দীর্ঘ ২৮ বছর পর এ ম্যাচে স্কটল্যান্ডের সামনে যেমন প্রতিশোধের সুযোগ, তেমনি মরক্কোর সামনে জয়ের ধারা বজায় রাখার চ্যালেঞ্জও।
কাগজে-কলমে এবং সাম্প্রতিক ফর্মে মরক্কো ফেভারিট হিসেবে মাঠে নামলেও স্কটল্যান্ডের লড়াকু মানসিকতা ম্যাচটিকে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে বলে আশা করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন