কাতারের বিপক্ষে কানাডার ৬-০ গোলের বড় জয়ের ম্যাচটি ম্লান হয়ে গেছে এক ভয়াবহ ঘটনায়। ম্যাচ চলাকালে কানাডার মিডফিল্ডার ইসমাইল কোনে মারাত্মক ট্যাকলের ফাঁদে পড়েন। পরে জানা যায়, ট্যাকলে পা ভেঙে গেছে কানাডিয়ান তারকার। এতে কার্যত বিশ্বকাপ স্বপ্নই শেষ হয়ে গেছে তার।
ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের ম্যাচের ৫২তম মিনিটে ঘটনাটি ঘটে। কাতারের মিডফিল্ডার আসিম মাদিবো বল দখলের লড়াইয়ে কোনের বাম পায়ের পেছনে ট্যাকল করেন। সংঘর্ষের পরপরই পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট হয়ে ওঠে।
সম্প্রচারকারী চ্যানেলগুলো ট্যাকলের ক্লোজ রিপ্লে দেখায়নি। তবে মাঠের পাশে থাকা মাইক্রোফোনে একজন খেলোয়াড়কে বলতে শোনা যায়, “তার পা ঝুলে গেছে।”
চোট পাওয়ার পর দুই দলের খেলোয়াড়রাই কোনেকে ঘিরে মানবঢাল তৈরি করেন, যাতে দৃশ্যটি দর্শকদের সামনে না আসে। দ্রুত মাঠে প্রবেশ করেন চিকিৎসাকর্মীরা। পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়ার সময় দর্শকদের উদ্দেশে হাতও নাড়েন কানাডার এই মিডফিল্ডার।
ঘটনার পর কাতারের আসিম মাদিবোকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। এর আগে প্রথমার্ধে হোমাম আহমেদ লাল কার্ড দেখায় কাতার তখন ৯ জনের দলে পরিণত হয়।
ম্যাচ শেষে কানাডার কোচ জেসি মার্শ জানান, ঘটনাটি তাদের বেঞ্চের সামনেই ঘটেছিল। তিনি বলেন, “ঘটনাটা ঠিক আমাদের সামনেই হয়েছে। আমরা সবাই শব্দটা শুনতে পেয়েছি। সঙ্গে সঙ্গেই বুঝেছিলাম ব্যাপারটা গুরুতর। সবাই হাড় ভাঙার শব্দ শুনতে পেয়েছিল।”
মার্শ আরও বলেন, “ইসমাইল আমাদের দলের খুব গুরুত্বপূর্ণ অংশ। এই ধরনের চোটে তাকে হারানো আমাদের জন্য বড় ধাক্কা। গত দুই ম্যাচে সে অসাধারণ খেলেছে।”
হ্যাটট্রিক করা কানাডিয়ান ফরোয়ার্ড জনাথন ডেভিডও মাদিবোর ট্যাকলের সমালোচনা করেন। ডেভিড বলেন, “যে বল দখলের কোনো সুযোগই নেই, সেখানে এমন ট্যাকলের কোনো প্রয়োজন নেই। এতে শুধু প্রতিপক্ষকে আঘাত করাই উদ্দেশ্য মনে হয়।”
ঘটনার সবচেয়ে কাছাকাছি থাকা কানাডার মিডফিল্ডার স্টিফেন ইউস্তাকিও বলেন, “আমি তার পায়ের দিকে তাকিয়ে বুঝেছিলাম কিছু একটা ভয়াবহ হয়েছে। তখন শুধু চাইছিলাম চিকিৎসাকর্মীরা যত দ্রুত সম্ভব মাঠে আসুক।”
তিনি আরও বলেন, “কাতারের খেলোয়াড়রা তাদের সতীর্থকে রক্ষা করার চেষ্টা করেছে, আমরা করেছি আমাদের খেলোয়াড়কে। এটা স্বাভাবিক। কিন্তু এটা যে সরাসরি লাল কার্ড, তা নিয়ে কোনো বিতর্ক হতে পারে না। সে কার্যত কোনের পা ভেঙে দিয়েছে। হলুদ কার্ডের দাবি করার কোনো যৌক্তিকতা নেই।”
কানাডার জন্য বড় জয় এলেও ইসমাইল কোনের গুরুতর চোট এখন দলটির জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

