আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভারত-পাকিস্তান ম্যাচ আজ

এ ম্যাচটাই দুদলের কাছে ‘আসল’ লড়াই

এম. এম. কায়সার

এ ম্যাচটাই দুদলের কাছে ‘আসল’ লড়াই

একটি দল তাদের প্রথম ম্যাচে জিতেছে ৬ উইকেটে। দাপুটে ভঙ্গিতে। গ্রুপ পর্বে আরেকটি ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত। সে নিশ্চয়তা পেতে পারে তারা আজই। দলটি ভারত।

একটি দল তাদের প্রথম ম্যাচে হেরেছে ৬০ রানের বড় ব্যবধানে। গ্রুপ পর্বে আরেকটি ম্যাচ হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় প্রায় নিশ্চিত এবং সেই বিদায়টা হতে পারে আজই। দলটি পাকিস্তান।

বিজ্ঞাপন

ঠিক এমনই বিপরীতমুখী এক পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির এই ম্যাচ ঘিরেই আলোচনা তুঙ্গে। এবারের চ্যাম্পিয়নস ট্রফি শুরু হওয়ার বহু আগে থেকেই দুদেশের মধ্যে টুর্নামেন্ট নিয়ে কথার ‘লড়াই’ শুরু হয়েছিল। পাকিস্তানের মাটিতে এসে ভারতের না খেলার লড়াইয়ে শেষ পর্যন্ত জিতেছে অবশ্য ভারতই। পাকিস্তানের বিরুদ্ধে তারা খেলতে রাজি হলেও সেটা পাকিস্তানের মাটিতে নয়। শর্ত জুড়ে দেয় তাদের খেলাগুলো নিরপেক্ষ কোনো ভেন্যুতে হলে তারা সম্মত, নয়তো না। ভারতের এই জেদের কাছে শেষ পর্যন্ত আইসিসিও আত্মসমর্পণ করে। ভারত চ্যাম্পিয়নস ট্রফিতে খেলছে। তবে তাদের সব ম্যাচ হবে দুবাইয়ে। এমনকি এ টুর্নামেন্টের ফাইনালে যদি তারা ওঠে, তাহলে সেই ফাইনালও হবে দুবাইয়েÑ পাকিস্তানে নয়। অথচ টুর্নামেন্টের আয়োজক হলো পাকিস্তান!

আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে ভারতের আধিপত্য এবং আইসিসির ন্যূব্জ নীতির কারণে চ্যাম্পিয়নস ট্রফি শেষ পর্যন্ত দুই দেশে হচ্ছে। যে প্রক্রিয়ার নতুন নাম পরিচিতি পেয়েছে ‘হাইব্রিড মডেল’ হিসেবে!

টুর্নামেন্ট শুরুর আগে আইসিসিতে ভারতের আধিপত্যের কাছে পাকিস্তান হেরেও মাঠের ক্রিকেটে প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ ঠিকই থাকছে তাদের সামনে। ২২ গজের লড়াইয়ে এখন ভারতকে হারিয়ে দিলেই যে পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা অক্ষুণ্ণ রাখার চেয়েও বড় কিছু পেয়ে যাবে! ভারতও এ ম্যাচকেই টুর্নামেন্টের ‘আবশ্যিক জয়’ হিসেবে টার্গেট করেছে। অন্য কোনো ম্যাচ হারলেও চলবে; কিন্তু এই ম্যাচ হারা যাবে না। দুদলের এই জেদি চিন্তা দুবাইয়ের আজকের ম্যাচকে আরো তাতিয়ে দিচ্ছে। দুদলের ক্রিকেটার ও সমর্থকদের কথাবার্তা, শারীরিক ভাষাÑ সবকিছুতেই আগুনে উত্তাপ। ৫০ ওভারের এই ক্রিকেট ম্যাচজুড়ে এখন যেন বারুদের ঝাঁজ!

সার্বিক পরিস্থিতি বিবেচনায় আজকের এই ম্যাচে ভারত বেশ সুবিধাজনক অবস্থানে। টুর্নামেন্ট শুরু করেছে তারা জয় দিয়েই। পুরো টুর্নামেন্ট খেলবে তারা একটি মাত্র ভেন্যুতে। বাড়তি কোনো ভ্রমণ যন্ত্রণা নেই। মাঠ, উইকেট, কন্ডিশনÑ সবকিছুর সঙ্গে তারা অন্য যে কোনো প্রতিপক্ষের চেয়ে বাড়তি সুবিধা পাচ্ছে। আর পাকিস্তানের সুবিধাটা হলে এ মাঠেই তারা সর্বশেষ দুই মোকাবিলায় ভারতকে হারিয়েছে। যদিও সেটা বেশ আগে এবং ভিন্ন ফরমেটে। ২০২১-এর অক্টোবর এবং ২০২২-এর সেপ্টেম্বর। শেষের এ দুই মোকাবিলায় দুবাইয়ে পাকিস্তানের কাছে ভারত হেরেছিল টি-টোয়েন্টির লড়াইয়ে। ফরমেট ভিন্ন হলেও সেই দুই ম্যাচে জয়ী পাকিস্তানের বেশিরভাগ খেলোয়াড়ই আজকের ম্যাচে খেলছেন। আজও ভারতকে হারানোর আত্মবিশ্বাস বা অনুপ্রেরণা খুঁজছেন তারা সেই দুই ম্যাচ থেকে।

আর ভারত ভালোই জানে আজ পাকিস্তানকে হারাতে পারলে এ টুর্নামেন্টে আপাতত সেটাই হবে তাদের সবচেয়ে বড় অর্জন। এই দুদলের কেউ ফাইনালে যেতে পারবে কি না, সেটা অনেক পরের বিষয়। আপাতত দুদলের সামনে লক্ষ্য একটাইÑ আজকের এই ম্যাচ জেতা। টুর্নামেন্টের এই ম্যাচ জিততেই এসেছে দুদল।

সমস্যা হলো ম্যাচটি জিতবে আজ কোনো এক দলই!

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন