শুরু হয়েছে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়শিপের চূড়ান্ত পর্বের খেলা। চূড়ান্ত পর্বে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। উভয় দলই জয় নিয়ে মাঠ ছেড়েছে।
চিলিকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। লা আলবিসেলেস্তেদের হয়ে একবার করে জালের দেখা পান ইয়ান সুবিয়াবরে ও অগাস্তিন রুবের্তো। চিলির হয়ে ব্যবধান কমান হুয়ান রুসেল।
উরুগুয়ের বিপক্ষে ম্যাচের শেষ ৩৩ মিনিট একজন কম নিয়ে খেলেছে ব্রাজিল। ৫৭ মিনিটে প্রতিপক্ষের রাইট উইঙ্গার আলেহান্দ্রো সেভেরোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলের আর্থুর দিয়াস। ৭৪ মিনিটে পেদ্রোর গোলে এগিয়ে যায় তারা। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে ম্যাচ শেষ করে ব্রাজিল।
দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়শিপে কোনো ফাইনাল ম্যাচ নেই। চূড়ান্ত পর্বে খেলা ৬ দলের মধ্যে যারা পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে তারাই চ্যাম্পিয়নের মুকুট পরবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

