এল ক্লাসিকোর পর যা বললেন বার্সা-রিয়াল কোচ

এল ক্লাসিকোর পর যা বললেন বার্সা-রিয়াল কোচ

আনুষ্ঠানিকভাবে এখনো স্প্যানিশ লা লিগার এবারের মৌসুমের শিরোপা জেতেনি বার্সেলোনা। তবে সবশেষ ম্যাচে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারানোর মাধ্যমেই যে অলিখিতভাবে কাতালানরা শিরোপা নিজেদের করে নিয়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না। এ কথার পক্ষে খুব সহজ একটা সমীকরণ আছে। বাকি থাকা তিন ম্যাচ থেকে মাত্র দুই পয়েন্ট দরকার তাদের। এমন সহজ থেকে সহজতর একটা সমীকরণের সামনে দাঁড়িয়েও গা-ছাড়া ভাব নিয়ে থাকতে নারাজ বার্সার প্রধান কোচ হ্যান্সি ফ্লিক। শিরোপা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত সতর্ক অবস্থানে থাকতে চান তিনি। এদিকে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে সবশেষ হারের জন্য নিজেদের রক্ষণভাগকে দায়ী করেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। ইতালিয়ান মাস্টার মাইন্ডের দাবি, বার্সার মতো বড় দলের বিপক্ষে যেভাবে রক্ষণ সামলানো দরকার ছিল, তার ছিটেফোঁটাও পারেনি তার দল।

রিয়ালের বিপক্ষে সবশেষ লিগ ম্যাচে জয়ের পর সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, ‘শিরোপা জেতার জন্য আমাদের আর মাত্র একটি জয় দরকার। তবে ভুলে গেলে চলবে না এটা ফুটবল। এখানে নিশ্চিত বলে কিছু নেই। আমরা এখনো নিজেদের চ্যাম্পিয়ন মনে করছি না। ফুটবলাররাও এভাবেই বিষয়টি ভাবছে। আমরা ভালো অবস্থানে আছি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আপনি বলতে পারবেন না যে, পরিস্থিতি কি হতে পারে। সামনে আমাদের তিনটি ম্যাচ বাকি আছে। সবগুলো ম্যাচে আমরা তিন পয়েন্ট করে তুলে নিতে চাই। এজন্য আমাদের পূর্ণ মনোযোগ ধরে রাখতে হবে। একসঙ্গে কোপা দেল রে ও লা লিগার শিরোপা জিততে পারাটা দারুণ হবে।’

বিজ্ঞাপন

বার্সার বিপক্ষে ম্যাচের ১৪ মিনিটের মধ্যে ২ গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল। তবে পরবর্তী ৩১ মিনিটের মধ্যে চারবার তাদের জাল কাঁপায় বার্সা। ম্যাচে নিজেদের রক্ষণের দুর্দশা নিয়ে আনচেলত্তি বলেন, ‘আমরা ওপরে ভালো করেছি। ছেলেরা পরিষ্কার কিছু সুযোগ তৈরি করেছে। ম্যাচে তিনটি গোল করেছি আমরা। এছাড়া দুটি অফসাইড ছিল। এসবই প্রমাণ করে আক্রমণে আমাদের পরিকল্পনা কতটা স্পষ্ট ছিল। তবে রক্ষণে আমরা মোটেও ভালো করতে পারিনি। এমন বড় দলের বিপক্ষে সব বিভাগেই দারুণ ফুটবল খেলতে হয়। রক্ষণ ও আক্রমণভাগ দুই জায়গাতেই ভালো খেলতে হয়। কিন্তু আমরা আক্রমণে ভালো করলেও রক্ষণে অনেক ভুল করেছি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন