নেইমারের জোড়া গোলে রক্ষা সান্তোসের

নেইমারের জোড়া গোলে রক্ষা সান্তোসের

প্রায় পাঁচ সপ্তাহ পর মাঠে ফিরেই নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন নেইমার জুনিয়র। ম্যাচের তখন আর বেশি সময় বাকি নেই, ২-০ গোলে পিছিয়ে সান্তোস। এমন কঠিন পরিস্থিতিতে মাত্র ছয় মিনিটের ব্যবধানে পেনাল্টি থেকে দুটি গোল করে দলকে হার থেকে বাঁচালেন ব্রাজিলিয়ান তারকা। শেষ পর্যন্ত ফ্লামিঙ্গোর বিপক্ষে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে সান্তোস।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরোতে অনুষ্ঠিত ব্রাজিলিয়ান সিরি আ’র ম্যাচে শুরু থেকেই এগিয়ে ছিল ফ্লামিঙ্গো। প্রথমার্ধের ৪৩তম মিনিটে দানিলোর গোলে লিড নেয় সফরকারীরা। বিরতিতে যাওয়ার ঠিক আগে, যোগ করা সময়ের চতুর্থ মিনিটে (৪৯তম মিনিট) লুকাস পাকেতা ব্যবধান দ্বিগুণ করেন। তাতে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় ফ্লামিঙ্গোর হাতে।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফিলিপে কুতিনহোর বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। চোটের কারণে প্রায় পাঁচ সপ্তাহ মাঠের বাইরে থাকার পর ফিরেই দলকে টেনে তোলার দায়িত্ব কাঁধে নেন তিনি। তবে গোলের দেখা পেতে সান্তোসকে অপেক্ষা করতে হয় ৮২তম মিনিট পর্যন্ত। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ২-১ করেন নেইমার।

প্রথম পেনাল্টির ঘটনাটি নিয়ে দীর্ঘ সময় ধরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনা চলে। পরে ফ্লামিঙ্গোর জর্জিনহোকে লাল কার্ড দেখান রেফারি। ফলে ম্যাচের শেষ দিকে ১০ জন নিয়ে খেলতে হয় অতিথিদের।

এই সুযোগ কাজে লাগাতে দেরি করেনি সান্তোস। ৮৮তম মিনিটে আবারও পেনাল্টি পায় স্বাগতিকেরা। স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোলটি করে দলকে সমতায় ফেরান নেইমার। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-২ ব্যবধানেই শেষ হয় ম্যাচটি।

নেইমারের জোড়া গোলে এক পয়েন্ট পেলেও লিগের অবস্থানে খুব একটা পরিবর্তন আসেনি সান্তোসের। ২৯ ম্যাচে ১১ জয়, ৯ ড্র ও ৯ হারে ৪২ পয়েন্ট নিয়ে তালিকার অষ্টম স্থানে রয়েছে তারা।

অন্যদিকে, সমান ম্যাচে ১৮ জয়, ৭ ড্র ও ৪ হারে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ফ্লামিঙ্গো। ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পালমেইরাস এবং ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ফ্লুমিনেন্স।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন