অনূর্ধ্ব ১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার সিক্সে নিজেদের ম্যাচে ভারতের সঙ্গে ন্যূনতম লড়াই করতে পারল না বাংলাদেশ। আট উইকেটের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে সুমাইয়া আক্তারের দল। অন্যদিকে এই জয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত।
কুয়ালালামপুরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৬৪ রানের পুঁজি পায় বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে ৭.১ ওভারে জয় তুলে নেয় ভারত।
টস হারা বাংলাদেশের প্রথম সারির পাঁচ ব্যাটারের মধ্যে কেউই দশকের ঘরে যেতে পারেননি। ওপরের ব্যাটারদের ব্যর্থতার দিনে হাল ধরার চেষ্টা করেন সুমাইয়া ও জান্নাতুল মাওয়া। ২১ রানে অপরাজিত থাকেন দলপতি। ১৪ রান আসে মাওয়ার ব্যাট থেকে। ভারতের হয়ে ১৫ রানে ৩ উইকেট নেন বৈষ্ণবি শর্মা। ম্যাচসেরার পুরস্কার জেতেন এই বোলার।
মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে গঙ্গাদি তৃষার ব্যাটিং নৈপুণ্যে জয়ের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ভারতকে। সাজঘরে হাঁটার আগে ৩১ বলে ৪০ রানের ইনিংস খেলেন তৃষা। ১১ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন সানিকা চাকে। ভারতের পতন হওয়া উইকেট দুটি ভাগাভাগি করে নেন সোবা ও পিংকি।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৬৪/৮ (২০ ওভার); সুমাইয়া আক্তার ২১, জান্নাতুল মাওয়া ১৪; বৈষ্ণবি শর্মা ৩/১৫
ভারত: তৃষা ৪০, সানিকা ১১*; পিংকি ১/১৫
ফল: ভারত ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: বৈষ্ণবি শর্মা
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

