ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছে বয়স একটা শুধুই সংখ্যা। চিরসবুজ তারুণ্যকে যেন নিজের সম্পত্তি বানিয়ে রেখেছেন। তাইতো ৪১ পেরোনো সিআর সেভেনকে ছাড়া বিশ্বকাপটা কল্পনাই করতে পারেন না পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ। এ বয়সেও ফুটবলের বিশ্বমঞ্চ মাতাতে যাচ্ছেন রোনালদো। তাকে রেখেই বিশ্বকাপ দল ঘোষণা করেছেন কোচ মার্তিনেজ। সতীর্থরা তো এবার রোনালদোকে উপহার দিতে চান বিশ্বকাপের সোনালি ট্রফি। যেমনটা ২০২২ কাতার বিশ্বকাপে লিওনেল মেসিকে উপহার দিয়েছিল টিম আর্জেন্টিনা।
এতে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে দারুণ এক কীর্তিই গড়তে যাচ্ছেন রোনালদো। প্রথম পুরুষ ফুটবলার হিসেবে রেকর্ড ষষ্ঠবারের মতো ফুটবল মহাযজ্ঞের অংশ হতে যাচ্ছেন তিনি। অবশ্য লিওনেল মেসিও আর্জেন্টিনার দলে জায়গা পেলে রোনালদোর এই রেকর্ডের অংশীদার হয়ে যাবেন। এই মাইলফলক যে আর্জেন্টাইন ফুটবল জাদুকর ছুঁয়ে ফেলবেন, তা নিশ্চিত করেই বলা যায়। অপেক্ষা এখন কেবল দল ঘোষণার।
মার্তিনেজের দলে রয়েছেন ২৭ খেলোয়াড়। কিন্তু ফিফার নিয়ম, বিশ্বকাপের চূড়ান্ত দল হবে ২৩ থেকে ২৬ জনের মধ্যে। এ কারণে এই দল থেকে অন্তত একজন বাদ পড়বেন নিশ্চিত। চার গোলরক্ষককে দলে রেখেছেন পর্তুগিজ কোচ, সেখান থেকেই একজন বাদ পড়তে যাচ্ছেন। তিনজনের বেশি গোলরক্ষক থাকে না একটি দলে।
বিশ্বজয়ের লড়াইয়ে রোনালদোর সঙ্গী হয়েছেন ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনিয়া, জোয়াও নেভেস ও নুনো মেন্দেসের মতো স্টার খেলোয়াড়রা। আবার চমক হিসেবে ডাক পেয়েছেন ফরোয়ার্ড গনজালো গেদেস। মাত্র চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে রক্ষণাত্মক মিডফিল্ডার সামুয়েল কোস্তাও রয়েছেন দলে। তবে বাদ পড়েছেন মাতেউস ফার্নান্দেজ, ডিফেন্ডার অ্যান্তোনিও সিলভা ও ফরোয়ার্ড পালিনিও, পেড্রো গনকালভেস ও রিকার্ডো হোর্তা।
বিশ্বকাপে ‘কে’ গ্রুপে পর্তুগাল খেলবে কলম্বিয়া, উজবেকিস্তান ও ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে।
পর্তুগালের বিশ্বকাপ দল
গোলরক্ষক : দিওগো কস্তা, জোসে সা, রুই সিলভা, রিকার্ডো ভেলহো।
রক্ষণভাগ : জোয়াও কানসেলো, ম্যাথিউস নুনেস, নুনো মেন্দেস, রুবেন দিয়াস, গনজালো ইনাসিও, দিওগো দালত, টমাস আরাউজো, রেনাতো ভেইগা, নেলসন সেমেদো।
মাঝ মাঠ : ব্রুনো ফার্নান্দেজ, বার্নার্দো সিলভা, জোয়াও নেভেস, ভিতিনিয়া, রুবেন নেভেস, সামুয়েল কোস্তা।
আক্রমণভাগ : ক্রিশ্চিয়ানো রোনালদো, গনজালো রামোস, রাফায়েল লেয়াও, ফ্রান্সিসকো ত্রিনকাও, জোয়াও ফেলিক্স, পেড্রো নেতো, ফ্রান্সিসকো কনসেইসাও, গনজালো গেদেস।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

