সিলেট টেস্ট জিততে শেষদিনে পাকিস্তানের দরকার ১২১ রান। আর বাংলাদেশের চাই তিন উইকেট। পঞ্চম দিনে ১২১ রানের সমীকরণ মেলানো পাকিস্তানের জন্য কঠিনই বলা যায়। সেদিক বিবেচনায় বলাই যায় সিলেট টেস্টে বাংলাদেশের জয়ের সম্ভাবনাই বেশি। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা বলেই এখনো আশা রাখতে পারে পাকিস্তান। বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইটের বিশ্বাস, সিলেট টেস্টে বাংলাদেশই জিতবে। এ নিয়ে কোনো চিন্তাই করছেন না বলে জানান টেইট।
আজ চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন শন টেইট। সেখানেই এ কথা বলেন তিনি।
শন টেইট বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে চিন্তিত নই। মাঠের দু-একজন হয়তো চিন্তিত। আমি নিশ্চিত নই!’ পরের কথাটা অনেকটা মজার ছলেই বলেছেন তিনি।
তিনি আরো বলেন, ‘আশাবাদী। আমার মনে হয় তাদের আমরা অলআউট করতে পারব।’
টেস্ট ক্রিকেটের বাস্তবতা বোঝাতে টেইট স্পষ্ট জানিয়ে দেন, ম্যাচের ভাগ্য বাংলাদেশের পক্ষেই যাচ্ছে। এ নিয়ে তিনি বলেন, ‘বোলাররা যেভাবে বোলিং করছে, তাতে আমরাই এখন সুবিধাজনক অবস্থানে আছি।’
ম্যাচ জয় নিয়ে চিন্তিত না থাকা টেইট আজকের খেলা নিয়ে বলেন, ‘দারুণ একটি দিন ছিল। দুদলই দারুণ ক্রিকেট খেলেছে। ব্যাটিংয়ের জন্য উইকেট ভালো ছিল। আমাদের ছেলেরা দারুণভাবে খেলায় টিকে ছিল। প্রতিদ্বন্দ্বিতা বজায় রেখেছে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
