নিশাম-সেইফার্ট ঝলকে ধসে গেল পাকিস্তান

নিশাম-সেইফার্ট ঝলকে ধসে গেল পাকিস্তান

বাজে ব্যাটিং, ধারহীন বোলিংয়ে সিরিজ শুরু। পাকিস্তান সিরিজ শেষও করল একই কায়দায়। ওয়েলিংটনে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে আজ হারল তারা ৮ উইকেটের বিশাল ব্যবধানে। মাঝে বিরতি ছিল কেবল তৃতীয় ম্যাচে। ২৪ বল হাতে রেখে ৯ উইকেটের দাপুটে জয়ের চিত্রনাট্য কিউই সফরে আর মঞ্চস্থ করতে পারল না পাকিস্তান।

বিজ্ঞাপন

ক্রাইস্টচার্চে প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ৯১ রান নিউজিল্যান্ড টপকে গিয়েছিল ৫৯ বল বাকি থাকতেই। টি-টোয়েন্টিতে না খেলা বলের হিসাবে পাকিস্তানের সবচেয়ে বড় ব্যবধানের হার এটি। বুধবার সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে হলো নতুন রেকর্ড। এবার সফরকারী পাকিস্তানকে কিউইরা ধরাশায়ী করেছে ৬০ বল হাতে রেখে! তাতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে কিউইরা।

জেমস নিশাম ফাইফার পাওয়ায় ফের ব্যাটিং ব্যর্থতার গল্প লিখে পাকিস্তান ৯ উইকেটে ১২৮ রানের বেশি পুঁজি গড়তে পারেনি। ফিফটি হাঁকান ক্যাপ্টেন সালমান আগা (৫১)। টিম সেইফার্টের ঝড়ো ব্যাটিংয়ে নিউজিল্যান্ড লক্ষ্য পেরিয়ে গেছে মাত্র ১০ ওভারেই। ২ উইকেটের বিনিময়ে স্বাগতিকরা তুলে ১৩১ রান। ৩৮ বলে ৬ বাউন্ডারি ও ১০ ছক্কায় ৯৭ রানের হার না মানা দাপুটে এক ইনিংস খেলেন সেইফার্ট।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ১২৮/৯, ২০ ওভার (সালমান ৫১, শাদাব ২৮; নিশাম ৫/২২)।

নিউজিল্যান্ড: ১৩১/২, ১০ ওভার (সেইফার্ট ৯৭*, অ্যালেন ২৭; সুফিয়ান ২/৬)।

ম্যাচ ফল: নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী।

সিরিজ ফল: ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতল নিউজিল্যান্ড।

ম্যাচসেরা: জিমি নিশাম।

সিরিজ সেরা: টিম সেইফার্ট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন