অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজের আগে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ নারী ক্রিকেট দল। শুক্রবার থেকে শুরু হতে যাওয়া সিরিজকে সামনে রেখে বৃহস্পতিবার অনুশীলনে ঘাম ঝরিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। কঠিন কন্ডিশনে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি নিজেদের পরিকল্পনা আরও একবার ঝালিয়ে নেওয়াই ছিল অনুশীলনের মূল লক্ষ্য।
অস্ট্রেলিয়া সফরে যাওয়ার পর একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে বাংলাদেশ। মঙ্গলবার ব্রিসবেনের ইয়ান হিলি ওভালে কুইন্সল্যান্ড ফায়ারের বিপক্ষে সেই ম্যাচে ৭২ রানে হেরেছে বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচটি ৩৬ ওভারে নামিয়ে আনা হয়েছিল।
প্রথমে ব্যাট করে কুইন্সল্যান্ড ৩৬ ওভারে ৯ উইকেটে ২৬৬ রান করে। তাদের হয়ে চার্লি নট ৬৪ বলে ৯৪ এবং গ্রেস হ্যারিস ৫০ বলে ৭৬ রান করেন। বাংলাদেশের বোলারদের মধ্যে আলো ছড়িয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা পেসার হাবিবা ইসলাম পিংকি। ৭ ওভারে ৪৪ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। মারুফা আক্তার পান দুটি উইকেট।
বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে সংশোধিত লক্ষ্য দাঁড়ায় ২৬৯ রান। জবাবে ৩৬ ওভারে ৭ উইকেটে ১৯৬ রান করতে পারে বাংলাদেশ। ব্যাট হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন শারমিন আক্তার সুপ্তা। ৬৭ বলে ৬৮ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি। সোবহানা মোস্তারি করেন ৪৯ রান। দুজন মিলে চতুর্থ উইকেটে ১১২ রানের জুটি গড়ে দলকে ঘুরে দাঁড়ানোর সুযোগও তৈরি করেছিলেন।
প্রস্তুতি ম্যাচে হারলেও সেটিকে অস্ট্রেলিয়ার মূল সিরিজের আগে গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবেই দেখছে বাংলাদেশ। বিশেষ করে ব্যাটারদের অস্ট্রেলিয়ান কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া এবং পেস আক্রমণের কার্যকারিতা ধরে রাখার দিকে নজর থাকবে।
এবার সেই প্রস্তুতির পরীক্ষা মূল সিরিজে। আগামী ৯ অক্টোবর শুক্রবার ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টা ৫০ মিনিটে। একই মাঠে ১১ অক্টোবর দ্বিতীয় এবং ১৪ অক্টোবর তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।
এই সিরিজটি বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যেরও। অস্ট্রেলিয়ার মাটিতে দুই দলের প্রথম দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ এটি। পাশাপাশি সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। ফলে অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে নিজেদের সামর্থ্যের পরীক্ষা দেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জনের সুযোগও রয়েছে বাংলাদেশের সামনে।
প্রস্তুতি ম্যাচের ঘাটতিগুলো অনুশীলনে শুধরে নিয়ে এখন মূল লড়াইয়ের অপেক্ষায় জ্যোতির দল। কুইন্সল্যান্ডের বিপক্ষে পাওয়া অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে কতটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে বাংলাদেশ সেটিই এখন দেখার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-3f945d-720x405.webp)