পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগামী মৌসুমের জন্য তানজিদ হাসান তামিমকে দলে টেনেছে পেশোয়ার জালমি।
এ নিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো বিদেশী ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন বাংলাদেশের তরুণ এ ওপেনার। যা তার ক্যারিয়ারের একটি বড় মাইলফলক। পিএসএলে খেলার জন্য তানজিদকে ১২ এপ্রিল পর্যন্ত অনাপত্তি সনদ (এনওসি) দিয়েছে বিসিবি। যার ফলে টুর্নামেন্টে অংশ নিতে পারবেন তিনি।
জালমি দলে ইতোমধ্যেই নাম লিখেছেন বাংলাদেশের নাহিদ রানা ও শরিফুল ইসলাম।ফলে একই দলে খেলতে যাচ্ছেন তিনজন বাংলাদেশি খেলোয়াড়।
শরিফুলের আগে এবারের পিএসএলে বাংলাদেশ থেকে দল পেয়েছেন নাহিদ রানা, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান। নিলামের শুরুতে নাহিদ ও পারভেজ দল না পেলেও পরে ৬০ লাখ পাকিস্তানি রুপি ভিত্তিমূল্যে দুজনকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজি দুটি।
তবে সব আলো কেড়ে নিয়েছেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান। সরাসরি চুক্তিতে ছয় কোটি ৪৪ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। মোস্তাফিজের দলে খেলবেন পারভেজ। তিন কোটি পাকিস্তানি রুপিতে নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি পিন্ডিজের নাম লিখেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। এর আগে লাহোর কালান্দার্সের জার্সিতে পিএসএলে খেলেছেন রিশাদ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

