বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

জ্বালানি বাঁচাতে ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন

স্পোর্টস রিপোর্টার

জ্বালানি বাঁচাতে ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন

বিদ্যুৎ সাশ্রয় করতে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন আসবে। বিষয়টি গত বুধবার জানিয়েছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ শুরুর নতুন সময় জানিয়েছে।

বিজ্ঞাপন

ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হবে বেলা ১১টায়। আর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ মাঠে গড়াবে দুপুর ২টায়। তার আগে ওয়ানডে ম্যাচ বেলা ৩টায়, টি-টোয়েন্টি সন্ধ্যা ৬টায় শুরুর কথা ছিল। জ্বালানি সাশ্রয়ের জন্য নতুন সূচিতে ওয়ানডে ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬টা ও টি-টোয়েন্টি বিকাল ৫টা ১০ মিনিটের এর মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড দল ঢাকায় পা রাখবে আগামী ১৩ এপ্রিল। মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ১৭ এপ্রিল। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ হবে ২০ এপ্রিল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ২৩ এপ্রিল। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচও হবে এই ভেন্যুতে—২৭ ও ২৯ এপ্রিল। দুদল ঢাকায় ফিরে শেরে বাংলায় সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ২ মে।

এ মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা নারী দলও। এই সিরিজের ম্যাচগুলোও দুপুরে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আগের সূচি অনুযায়ী অবশ্য শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ৬টায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...