পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবন্দি জীবন এবং তার ওপর চলমান অমানবিক আচরণের বিরুদ্ধে এবার সোচ্চার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেস কিংবদন্তি মাইকেল হোল্ডিং। ক্রিকেট ইতিহাসের অন্যতম কিংবদন্তি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাজনীতি নয়—উদ্বেগের জায়গাটি সম্পূর্ণ মানবিক।
সম্প্রতি ভারতের সংবাদমাধ্যম টাইমস নাউকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের ক্রিকেট ও সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ইমরান খানের প্রসঙ্গ তোলেন হোল্ডিং। সাবেক বন্ধু ও প্রতিপক্ষের প্রতি এমন আচরণ দেখে ক্ষোভ প্রকাশ করে ৭২ বছর বয়সি এই সাবেক ক্যারিবীয় তারকা বলেন, ‘পাকিস্তানে আরো কিছু বিষয় আছে। আমি সেসবে জড়াতে চাই না, ব্যাপারটা রাজনৈতিক। শুধু একটি নাম উল্লেখ করব—ইমরান খান। হয়তো আপনি রাজনৈতিক পথে হাঁটতে চান না, আমিও চাই না; কিন্তু এটি অত্যন্ত দুঃখজনক গল্প।’
কারাগারে ইমরানের সুচিকিৎসা ও পরিবার-স্বজনদের সঙ্গে যোগাযোগের সুযোগ দাবিতে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটের ২২ সাবেক অধিনায়ক পাকিস্তান সরকারের কাছে আবেদন জানিয়ে চিঠি দিয়েছেন। প্যাট কামিন্স, ব্রায়ান লারা, ওয়াসিম আকরাম ও জাভেদ মিয়াঁদাদের মতো কিংবদন্তিদের সেই সম্মিলিত উদ্যোগকে পূর্ণ সমর্থন জানিয়ে হোল্ডিং বলেন, ‘যেসব অধিনায়ক ওই চিঠি লিখেছেন, আমি তাদের পুরোপুরি সমর্থন করি। এর কী প্রভাব পড়বে আমি জানি না, তবে মানুষটিকে যেন সাধারণ মানুষের মতো চিকিৎসা দেওয়া হয়—সে চেষ্টার প্রতি আমি পূর্ণ সমর্থন করি। কেউ মানুষের সঙ্গে এমন আচরণ করে না। খুনির সঙ্গেও এমন আচরণ করা হয় না। তাহলে এ মানুষটির সঙ্গে কেন এমন আচরণ করা হবে, তার কোনো কারণ আমি দেখি না।’
আন্তর্জাতিক অঙ্গনে ইমরান খানের আকাশচুম্বী জনপ্রিয়তার প্রতি ঈর্ষা থেকেই হয়তো এমন করা হচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেন ‘হুইসপারিং ডেথ’ খ্যাত এই গতিদানব। হোল্ডিং ক্ষোভের সঙ্গে যোগ করেন, ‘এর পেছনে কোনো ঈর্ষা কাজ করছে কি না, আমি জানি না। কারণ, ইমরান খানের মতো বিশ্বজুড়ে এত বেশি পরিচিত কোনো পাকিস্তানি নাগরিক আছেন বলে আমার মনে হয় না। ওই মানুষটির সঙ্গে যে ধরনের আচরণ করা হচ্ছে, তা এক কথায় হাস্যকর ও অমানবিক।’
ইমরান খানের শওকত খানম ক্যানসার হাসপাতালের জন্য তহবিল সংগ্রহের স্মৃতির কথা টেনে দুই কিংবদন্তির ক্রিকেটীয় সম্পর্কের বাইরে থাকা বন্ধুত্বের কথা তুলে ধরেন হোল্ডিং, ‘আমি ইমরানের সঙ্গে খেলেছি; তবে বলব না যে খুব বেশি খেলেছি। তার সঙ্গে কিছু ওয়ানডে ম্যাচ খেলেছি, কাউন্টি ক্রিকেটেও কয়েকটি ম্যাচ খেলেছি। ইমরান যখন ক্যানসার হাসপাতালের জন্য তহবিল সংগ্রহ করতে লন্ডনে ঘুরে বেড়িয়েছে, তখন তার সঙ্গে ঘুরেছিলাম। এ বিষয়ে আমি তাকে সাধ্যমতো সমর্থনের চেষ্টা করেছি।’
ইমরানের মানবিক গুণের কথা স্মরণ করে দীর্ঘশ্বাস ফেলে সাবেক এই ধারাভাষ্যকার বলেন, ‘তাই আমি মানুষটিকে ভালোভাবে জানি এবং তিনি ঠিক কী ধরনের মানুষÑতা আমার জানা আছে। বর্তমান পরিস্থিতি এবং ইমরান খানের সঙ্গে যা ঘটছে, তা দেখা অত্যন্ত দুঃখজনক।’
প্রায় সাড়ে তিন বছর ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন ৭৩ বছর বয়সি ইমরান খান। আন্তর্জাতিক ক্রিকেট সমাজ ও বিশ্বের নানা প্রান্তের সাবেক সতীর্থরা বারবার তার মৌলিক নাগরিক অধিকার, সঠিক চিকিৎসা ও মুক্তির দাবি জানালেও পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসেনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

