বরিশাল নগরীর জর্ডান রোড এলাকার নির্মাণাধীন সেই বহুতল ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। মঙ্গলবার দুপুরে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশ দেওয়া হয়।
এর আগে গতকাল সোমবার আমার দেশ-এ ‘সংরক্ষিত এলাকায় অনুমোদন ছাড়াই বহুতল ভবন নির্মাণ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর ডেভেলপার প্রতিষ্ঠান গ্রিন সিটিকে আগামী তিন কার্য দিবসের মধ্যে বিসিসির অনুমোদিত প্ল্যান দাখিল করার জন্য বলা হয়েছে।
মঙ্গলবার রাতে বিষয়টি নিয়ে প্রতিবেদকের সঙ্গে কথা বলেন বিসিসি প্রশাসক। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি বিসিসিকে দুর্নীতিমুক্ত করার চেষ্টা করে যাচ্ছেন। এরপরও কেউ কেউ বিভিন্ন কৌশলে অনিয়ম বা দুর্নীতি করার চেষ্টা করছেন। যদি সিটি করপোরেশনের কোনো কর্মকর্তা বা কর্মচারী অনিয়মের সঙ্গে যুক্ত থাকেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিসিসি প্রশাসক আরো বলেন, পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। বরিশালের জর্ডান রোডে সংরক্ষিত এলাকায় কোনো প্রকার প্ল্যান ছাড়াই গ্রিন সিটি নামে একটি ডেভেলপার প্রতিষ্ঠান বহুতল ভবন নির্মাণ করছে বলে জানতে পেরেছি। তাৎক্ষণিক ওই বহুতল ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি ওই প্রতিষ্ঠানকে তিনদিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সিটি করপোরেশনে জমা দিতে বলা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

