এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ল যুবারা

এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ল যুবারা

এশিয়া কাপ খেলতে ওমানের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মঙ্গলবার বিকাল ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমানের উদ্দেশে উড়াল দেয় দল।

বিজ্ঞাপন

দেশ ছাড়ার আগ মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটারদের সুস্বাস্থ্য কামনা করেছেন যুবাদের হেড কোচ হান্নান সরকার। তিনি লিখেছেন, 'এশিয়া কাপে যাচ্ছি। সবাই চায় দল চ্যাম্পিয়ন হোক, আমিও চাই। তবে আমার সবচেয়ে বড় চাওয়া ছেলেরা যাতে সুস্থ্য থাকে। কোনোরকমের চাপ না নিয়ে খেলুক ওরা, সময়টা উপভোগ করুক আর দেশের হয়ে খেলার গৌরবটা অনুভব করে যেন! দোয়া করবেন দলটার জন্য।'

আগামী ৫ নভেম্বর থেকে ওমানের মাসকাটে বসবে এবারের যুব এশিয়া কাপের এই আসর। টুর্নামেন্টে মোট আটটি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে লড়বে। ‘এ’ গ্রুপে ভারত খেলবে নেপাল, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। অন্যদিকে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে আফগানিস্তান, মালয়েশিয়া ও শ্রীলংকা।

উদ্বোধনী ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এরপর ৭ নভেম্বর মালয়েশিয়া ও ৯ নভেম্বর শ্রীলংকার বিপক্ষে লড়াইয়ে নামবে যুবা টাইগাররা। গত শনিবার এই টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন