সফর শেষ। শেষ নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও। এখন ঘরে ফেরার পালা। কিন্তু কনর এস্টারহুইজেন নিশ্চিত মধুর সমস্যা পড়ে গেছেন। যে লাগেজ নিয়ে নিউজিল্যান্ড সফরে গিয়েছিলেন। সেটা দিয়ে এখন যেন আর হচ্ছে না! ফিরতি ফ্লাইটে দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে বাড়তি লাগেজ নিতে হচ্ছে নিশ্চিত। কারণ এখন সঙ্গে নিয়ে ফিরছেন দুটি ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কারের সঙ্গে একটি সিরিজসেরা খেলোয়াড়ের পুরস্কার। আর সঙ্গী হয়েছে অতিরিক্ত আরো একটি ব্যাট। এ সবকিছু ঘটেছে আবার অভিষেক সিরিজেই। এমন স্বপ্নের অভিষেকই তো সবাই চায়। কিন্তু এস্টারহুইজেনের মতো ব্যাটিংয়ে ঝলক দেখাতে পারে কয়জন?
পুরস্কারের বিষয়টি তো পরিষ্কার। কিন্তু ব্যাটের বিষয়টা এলো কেন? প্রশ্নটা যেকোনো ক্রিকেটপ্রেমীর মনেই আসতে পারে। ব্যাটটি আসলে উপহার পেয়েছেন অধিনায়কের কাছ থেকে। ক্রাইস্টচার্চে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কেশব মহারাজ বলেন, ‘আমি এস্টারহুইজেনকে বলেছিলাম, সে যদি ৭৫ রান করে, আমি তাকে একটা ব্যাট উপহার দেব।’ বাজিতে জিতে পুরস্কার হিসেবে ব্যাটটি পেয়েছেন এস্টারহুইজেন।
সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে ব্যাট করে তরুণ ব্যাটার কনর এস্টারহুইজেনের ঝোড়ো ইনিংসে ১৮৭ রানের বড় সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। জবাবে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৫৪ রানে থেমে যায় নিউজিল্যান্ড। এস্টারহুইজেন মাত্র ৩৩ বলে পাঁচটি চার ও ছয় ছক্কায় ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরার পাশাপাশি সিরিজসেরার পুরস্কারও জেতেন। সিরিজ নির্ধারণী ম্যাচ জেতার মূল কৃতিত্বটা পাবেন ব্যাটসম্যান কনর এস্টারহুইজেনই। ২৪ বছর বয়সি এ ব্যাটসম্যান পাঁচ ম্যাচে করেছেন ২০০ রান। এস্টারহুইজেন উইকেটে আসেন ১১তম ওভারে। তখন দক্ষিণ আফ্রিকার রান ২ উইকেটে ৭৬। সেখান থেকে দক্ষিণ আফ্রিকার রান ১৮৭ পর্যন্ত যায় এস্টারহুইজেনের কল্যাণে।
এস্টারহুইজেনের দাপুটে পারফরম্যান্সে নিউজিল্যান্ডের মাটিতে আরেকটি স্মরণীয় সিরিজ জয়ের গল্প লিখেছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে ৩-২ ব্যবধানে ট্রফি নিজেদের করে নিয়েছে প্রোটিয়ারা। ক্রাইস্টচার্চের হাগলি ওভালে সিরিজ নির্ধারণী পঞ্চম টি-টোয়েন্টিতে ৩৩ রানের জয় পায় সফরকারীরা। এই সিরিজ জিতে কিউইদের মাটিতে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের কৃতিত্বও গড়েছে প্রোটিয়ারা।
তার আগে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার হয়ে তিনে নেমে ৩৬ বলে ৫৭ করেন কনর এস্টারহুইজেন। ৭ বাউন্ডারি ও ৩ ছক্কার মারে সাজানো চমৎকার ইনিংসটি খেলে হন ম্যাচসেরা। ১৯ রানে জিতে প্রোটিয়ারা সিরিজে সমতা এনেছিল ২-২ এ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

