এবারের জিম্বাবুয়ের সফরের স্মৃতি সব সময় ভুলে থাকতে চাইবে বাংলাদেশ। কেননা সফরের শুরুতেই একমাত্র টেস্টে ইনিংসে ব্যবধানে হারের লজ্জা পায় তারা। এরপর তিন ম্যাচ ওয়ানডে সিরিজও ২-১ ব্যবধানে হারের দগদগে ক্ষত নিয়ে টি-টোয়েন্টির শুরুটাও ভালো হয়নি। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয় তুলে নেয় জিম্বাবুয়ে। অবশ্য দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে তিন ম্যাচের সিরিজে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। সিরিজে এখন ১-১ সমতায় বিরাজ করছে। আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। বুলাওয়েতে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় ম্যাচটি শুরু হবে। এ ম্যাচেই নির্ধারণ হবে—কারা সিরিজ জয়ের শেষ হাসি হাসবে। টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের সফরের ব্যর্থতা ভুলে যাওয়ার চেষ্টায় থাকবে বাংলাদেশ।
সিরিজে ফেরার ম্যাচে দারুণ ব্যাটিং নৈপুণ্য দেখায় বাংলাদেশের ব্যাটাররা। উদ্বোধনীতে শত রানের জুটি হয়েছে। শেষ দিকে অলরাউন্ডার সাইফউদ্দিনের ১০ বলে অপরাজিত ৩১ রানের বিস্ফোরক ব্যাটিংয়ে বড় স্কোর গড়ে সফরকারীরা। ভালো ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও উজ্জ্বল ছিল বাংলাদেশ। বিশেষ করে স্পিনাররা গত ম্যাচ নিয়ন্ত্রণ করেছেন। রিশাদ ও শেখ মেহেদী মিলেই জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ তছনছ করে দেন। সব মিলে সিরিজ নির্ধারণী ম্যাচেও প্রবল আত্মবিশ্বাসী বাংলাদেশ। ২-১ ব্যবধানে সিরিজ জিতেই বাড়ি ফিরতে চাইবেন তাওহিদ হৃদয়রা। অন্যদিকে, গত ম্যাচে বুলাওয়ের উইকেটে দারুণ কিছু করে দেখাতে পারেননি জিম্বাবুয়ের পেসাররা। বাংলাদেশের ব্যাটারদের সেভাবে পরীক্ষা নিতে পারেনি তারা। তাছাড়া ব্যাটিংও জমেনি। তবে সিরিজের শেষ ম্যাচে সর্বশক্তি দিয়ে খেলবে স্বাগতিকরা। ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের টার্গেটে মাঠে নামবে তারা। জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের শেষটায় সিরিজ জয়ের হাসি নাকি সিকান্দার রাজাদের আধিপত্য ধরে রাখার গৌরব—সেটি দেখার অপেক্ষায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

