বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ বিভাগের উদ্যোগে চলতি বছরের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সংগঠনের বিভিন্ন পর্যায়ের জনশক্তিদের নিয়ে অনুষ্ঠিত হলো ১০ দিনব্যাপী 'প্রি-কলেজ স্কিলস ডেভেলপমেন্ট ট্রেনিং ক্যাম্প (পিসিএসডি) ২০২৬।
গত ২১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত গাজীপুরের একটি মিলনায়তনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহীর পরিচালনায় এ প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ বছরের আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল- ‘সততা ও দূরদর্শিতায় ভবিষ্যৎ নেতৃত্বকে শক্তিশালী করা’।
সোমবার শিবিরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কলেজ জীবনের বৃহত্তর শিক্ষাঙ্গণে প্রবেশের আগে শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক, ভাষাগত ও প্রযুক্তিগতভাবে দক্ষ করে তোলার লক্ষ্যে আয়োজিত এই নিবিড় ক্যাম্পে প্রতিদিন ইংরেজি ও কম্পিউটারের ওপর মোট ৪০টি ক্লাস অনুষ্ঠিত হয়েছে। একাডেমিক ক্লাসের পাশাপাশি কোরআন তিলাওয়াত, বিষয়ভিত্তিক স্টাডি সেশন, মোটিভেশনাল ক্লাস এবং ইনোভেটিভ গেমসের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে জোর দেওয়া হয়।
সমাপনী ও অন্যান্য সেশনে অতিথি হিসেবে উপস্থিত থেকে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতারা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এতে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি আত্মশুদ্ধির ওপর জোর দিয়ে বলেন, আধুনিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তিগত ও একাডেমিক দক্ষতা অর্জনের পাশাপাশি, আত্মিক পবিত্রতা ও স্রষ্টার সঙ্গে গভীর সম্পর্ক ছাড়া প্রকৃত সফলতা অর্জন সম্ভব নয়। একজন আদর্শ ভবিষ্যৎ নেতৃত্বের মধ্যে সঠিক চরিত্র এবং সঠিক দিকনির্দেশনা— দুটিরই সমন্বয় প্রয়োজন।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম তার বক্তব্যে বলেন, জিপিএ-৫ অর্জন আপনাদের জীবনের একটি গৌরবময় মাইলফলক হলেও এটি চূড়ান্ত গন্তব্য নয়। 'সততা ও দূরদর্শিতায় ভবিষ্যৎ নেতৃত্বকে শক্তিশালী করা'- এই প্রতিপাদ্যকে ধারণ করে আপনাদের জ্ঞান, দক্ষতা এবং নৈতিক দৃঢ়তার সমন্বয় ঘটাতে হবে। আগামীর ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে আপনাদেরকেই সৎ ও যোগ্য নেতৃত্বের গুরুদায়িত্ব পালন করতে হবে।
সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসাইন বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ অপার সম্ভাবনার একটি দেশ। এদেশের মানবসম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র গঠন সময়ের ব্যাপার মাত্র।
আরো বক্তব্য রাখেন- সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, রাশেদুল ইসলাম এমপি ও জাহিদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


