চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জনবহুল বটতলী স্কুল সড়কের বিভিন্ন অংশে খানাখন্দের কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে প্রতিদিন হাজারো যাত্রী, শিক্ষার্থী ও পথচারীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা গেছে, চট্টগ্রামের লোহাগাড়ার বটতলী স্কুল সড়কের পিচ ঢালাই উঠে গিয়ে সৃষ্টি হয়েছে খানাখন্দের। সামান্য বৃষ্টি হলেই পানি গর্তগুলোতে জমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তাছাড়া এ সড়ক দিয়ে প্রতিনিয়ত কয়েক লাখ স্কুল-কলেজের শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা এবং সাধারণ পথচারীরা নিয়মিত যাতায়াত করে থাকেন। খানাখন্দের কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা । বিশেষ করে কোনো গর্ভবতী মহিলা বা জরুরি রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে চালক ও স্বজনদের সম্মুখীন হতে হয় নিদারুণ কষ্টের।
সরেজমিনে জানা যায়, বটতলী স্কুল সড়কের বটগাছের সামনে, মতল্লির ঢেক, সুফিয়া আলিয়া মাদরাসার গেট, জনকল্যাণ স্টেশন, পাইপের গোরা, বণিকপাড়া ও মন্দিরের সামনে, নতুনবাজার, রেললাইনসংলগ্ন ও রোকেয়া বর বাড়িসহ বিভিন্ন স্থানে খানাখন্দে ভরপুর।
স্থানীয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিদিন ১০টিরও অধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও পার্শ্ববর্তী সাতকানিয়া উপজেলার সঙ্গে এ সড়কটির সংযোগ থাকায় কয়েক লাখ মানুষ এ রাস্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে । দীর্ঘদিন ধরে খানাখন্দ থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো তদারকি না থাকায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি সড়ক সংস্কারের জন্য নানা কর্মসূচি গ্রহণ করছে বলে জানিয়েছে এলাকাবাসী।
গোলাম বারী উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, জীবনের ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়ে কয়েক হাজার শিক্ষার্থী বিদ্যালয়ে যাতায়াত করে থাকে। অনেক সময় সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনাও ঘটছে। তাই বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের নিরাপত্তার কারণে এ সড়কটি অনতিবিলম্বে সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী ।
আমিরাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাস্টার জাহাঙ্গীর আলম বলেন, বটতলী স্কুল সড়কটি সংস্কারের বিষয়ে উপজেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলাপ হয়েছে। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সে ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। আশা করি দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন উপজেলা প্রশাসন।
এ বিষয়ে লোহাগাড়া উপজেলা প্রকৌশলী ফাহাদ বিন মাহমুদ বলেন, সড়কটি পরিদর্শন করে সংস্কারের জন্য প্রয়োজনীয় প্রাক্কলন প্রস্তুত করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। বরাদ্দ পেলেই দ্রুততম সময়ে কাজ শুরু করা হবে।’
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার বায়েজিদ বিন আকন্দ বলেন, ‘বটতলী স্কুল রোডটি স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনদুর্ভোগ লাঘবে সড়কটি অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকৌশল বিভাগের সঙ্গে সমন্বয় করে দ্রুত সড়কটি চলাচলের উপযোগী করতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

