কিশোরগঞ্জের ভৈরবে পৌর কর ৪০ শতাংশ বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে এনসিপি। রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড-সংলগ্ন দুর্জয় মোড় নূরানী মসজিদের সামনে এসব কর্মসূচি পালিত হয়।
উপজেলা এনসিপির সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক শরীফুল হক জয়সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির নেতা এন কে সোহেল, গণ অধিকার পরিষদের নেতা ইমতিয়াজ আহমেদ কাজল প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, রাস্তাঘাটের উন্নয়ন নেই, গ্যাস নেই, বিদ্যুৎ নেই; দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে যখন নাগরিকদের নাভিশ্বাস অবস্থা, তখন আচমকা শতকরা ৪০ ভাগ হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি যেন ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’। যেখানে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নেই এবং প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকারী সরকারি কর্মকর্তারা নাগরিকদের সেবাদানে পদে পদে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, সেখানে হঠাৎ করে ৪০ শতাংশ হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি কতটুকু যুক্তিযুক্ত? আমরা জনগণের বিরুদ্ধে জোর করে চাপিয়ে দেওয়া এই অযৌক্তিক করের ভার মেনে নেব না।
এদিকে বর্ধিত হোল্ডিং ট্যাক্স নিয়ে নাগরিকদের মধ্যে ক্ষোভ দেখা দিলে ভৈরব পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশীদ ‘উপজেলা প্রশাসন ও সাংবাদিক সমাজ’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এক পোস্টের মাধ্যমে তার ব্যাখ্যা তুলে ধরেন।
তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম, হোল্ডিং ট্যাক্সের বিষয়ে আপনারা সকলে অবগত আছেন (কনসার্নড)। ইতিপূর্বে বাজেট ঘোষণার দিন এ বিষয়ে কিছুটা আলোচনা করা হয়েছিল। প্রতি পাঁচ বছর পরপর হোল্ডিং ট্যাক্স পুনরায় অ্যাসেসমেন্ট (রি-অ্যাসেসমেন্ট) করার একটি নির্দেশনা আছে, যা চলতি বছরে পাঁচ বছর পূর্ণ হওয়ায় বাস্তবায়ন করতে হচ্ছে। ট্যাক্স না বাড়লে প্রকল্পগুলোর জন্য বরাদ্দ আসে না। এ বছর প্রায় ৮০ কোটি টাকার বাৎসরিক বাজেটের বিপরীতে ট্যাক্সের পরিমাণ ৫ কোটি টাকারও কম। অথচ এই ৫ কোটি টাকার পারফর্ম্যান্সের ওপর নির্ভর করছে বাকি ৭৫ কোটি টাকা আসবে, নাকি ৫০ কোটি টাকা।
নাগরিকদের করণীয় বিষয়ে তিনি জানান, নোটিসের বিপরীতে আপত্তি জানানোর সুযোগ ও পদ্ধতি রয়েছে। আপত্তি শুনানির মাধ্যমে বিষয়গুলো পুনর্বিবেচনা করা হচ্ছে। প্রক্রিয়া অনুযায়ী এগোলে সমস্যার সমাধান সম্ভব। তাই আপত্তি ফরম ও শুনানি সম্পর্কে মানুষকে অবহিত করতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানাচ্ছি।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

