আট বছর পরও ‘স্যান্ডপেপারগেট’ বিতর্ক, মুখ খুলছেন কামিন্স

আট বছর পরও ‘স্যান্ডপেপারগেট’ বিতর্ক, মুখ খুলছেন কামিন্স

আট বছর আগের বল টেম্পারিং কেলেঙ্কারি যেন নতুন করে অস্বস্তিতে ফেলেছে অস্ট্রেলীয় ক্রিকেটকে। উসমান খাজার আত্মজীবনীতে উঠে আসা একের পর এক অভিযোগের জবাব দিতে অবশেষে মুখ খুলতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তবে বিষয়টির সব দিক বুঝে নিয়ে যথাযথভাবে জবাব দিতে সময় নিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

অবসর নেওয়ার পর গত সপ্তাহে প্রকাশিত আত্মজীবনীতে ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের বল টেম্পারিং বিতর্ক সামনে আনেন খাজা। তাঁর দাবি, কেপটাউনে সিরিজের তৃতীয় টেস্টে স্যান্ডপেপার দিয়ে বলের আকৃতি পরিবর্তনের পরিকল্পনা সম্পর্কে দলের সবাই জানতেন। এমনকি অধিনায়ক কামিন্সও বিষয়টি জানতেন বলে অভিযোগ করেছেন তিনি। শুধু কেপটাউন নয়, পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টেও একই কৌশল ব্যবহারের দাবি করেছেন খাজা।

অথচ ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তদন্তে বলা হয়েছিল, এই পরিকল্পনা সম্পর্কে জানতেন কেবল ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট। ঘটনার পর তিনজনকে অসম্মানজনকভাবে দেশে ফেরত পাঠানো হয় এবং পরবর্তী সময়ে নিষিদ্ধ করা হয়। অন্যদিকে ২০২১ সালে কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও নাথান লায়ন প্রকাশ্যে জানিয়েছিলেন, বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে তাঁরা কিছুই জানতেন না।

খাজার অভিযোগের পর এবার নিজের অবস্থান পরিষ্কার করতে চান কামিন্স। শুক্রবার শেফিল্ড শিল্ডের পরবর্তী রাউন্ড শুরুর আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ট্রেলীয় অধিনায়ক লিখেছেন, ‘এ সপ্তাহের ঘটনাবলি নিয়ে যে কোনো সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে আমি প্রস্তুত। উজির (খাজা) অভিযোগের দীর্ঘ তালিকা এবং সেগুলোর পুরো ব্যাপ্তি ভালোভাবে বোঝার জন্য কিছুটা সময় নিয়েছি, যাতে যথাযথভাবে জবাব দিতে পারি।’

এরই মধ্যে নিজের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছেন স্টার্ক। বুধবার সাংবাদিকদের তিনি বলেন, ‘অন্য বোলারদের হয়ে কথা বলতে চাই না। তবে আমার অবস্থান থেকে বলছি, আমার মতামত বদলায়নি। ২০২১ সালে আমরা যা বলেছিলাম, সে বিষয়ে আমার স্মৃতিও বদলায়নি। মাঠে কী ঘটেছে, তা আমরা জানতাম না।’

স্টার্ক আরও বলেন, ‘আমাদের বিবৃতিতে যেমন বলা হয়েছিল, মাঠে বল নিয়ে কিছু করা হচ্ছে, এ বিষয়ে আমরা অবগত ছিলাম না। এ পর্যন্তই বলতে চাই।’

এদিকে খাজার অভিযোগ নিয়ে স্মিথ ও ব্যানক্রফট এখনো প্রকাশ্যে কিছু বলেননি। তবে বিতর্কের মধ্যেও কামিন্সের নেতৃত্ব নিয়ে উদ্বিগ্ন নয় ক্রিকেট অস্ট্রেলিয়া। সংস্থাটির চেয়ারম্যান ডেভিড বুন অধিনায়কের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন।

দ্য অস্ট্রেলিয়ানকে বুন বলেন, ‘আমরা প্যাটকে পুরোপুরি সমর্থন করি।’ অতীতের বিতর্কে আটকে না থেকে সামনে এগিয়ে যাওয়ার পক্ষেও মত দিয়েছেন তিনি। খাজার বক্তব্যের প্রসঙ্গে বুন বলেন, ‘উসমানের দৃষ্টিভঙ্গি এবং সে সময়ের ঘটনা সম্পর্কে তার স্মৃতিকে আমি সম্মান করি। সেগুলো তার নিজস্ব স্মৃতি। তবে আমরা “একজন বলেছে, আরেকজন বলেছে”—এমন বিতর্কে জড়াতে চাই না।’

তিনি আরও বলেন, ‘কিছু সমর্থক তার সঙ্গে একমত হবেন, আবার এমন খেলোয়াড়ও থাকবেন, যাদের স্মৃতি একই রকম নয়। তাই এ বিতর্কে জড়ানোর কোনো উদ্দেশ্য আমি দেখি না।’

পুরোনো সেই কেলেঙ্কারির ক্ষত যে পুরোপুরি শুকায়নি, খাজার আত্মজীবনী তা আবারও মনে করিয়ে দিয়েছে। এবার কামিন্সের বক্তব্যে বিতর্কের নতুন কোনো মোড় আসে কি না, সেদিকেই তাকিয়ে অস্ট্রেলীয় ক্রিকেট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন