প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার হয় না

নবীগঞ্জে আশ্বাসেই ঝুলে আছে সড়কের সংস্কার কাজ

নবীগঞ্জে আশ্বাসেই ঝুলে আছে সড়কের সংস্কার কাজ
ছবি: আমার দেশ

কথার প্রতিশ্রুতি ও সংস্কারের আশ্বাস। নির্বাচন এলেই এ শব্দগুলো বেশি উচ্চারিত হয় গ্রামে গ্রামে। তবে, নির্বাচন পরবর্তী সেই প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার হয় না বলে অভিযোগ স্থানীয়দের। তারা বলেন, কয়েক দশক ধরে এমন প্রতিশ্রুতি আর আশার বাণীর ওপরেই ঝুলে রয়েছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের ‘ভরপুর হতে বাঁশডর’ সড়ক সংস্কারের অগ্রগতি।

৫-৬টি এলাকার কয়েক হাজার মানুষের একমাত্র যাতায়াত সড়ক এটি। কিন্তু সংস্কারের অভাবে স্থানীয়রা পড়েছেন চরম বিড়ম্বনায়। কাদাপানি আর সড়কের বুক চিরে অসংখ্য ছোট-বড় গর্ত সৃষ্টি হওয়ায় মরণফাঁদে পরিণত হয়েছে। উন্নয়ন বঞ্চিত এই সড়ক দীর্ঘকাল বেহাল অবস্থায় পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর পড়ছে না বলে অভিযোগ করেন তারা।

বিজ্ঞাপন

পাশাপাশি সামান্য বৃষ্টি হলেই স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার সাধারণ মানুষের দৈনন্দিন যোগাযোগে নেমে আসে তীব্র ভোগান্তি।

ছাত্রছাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন যাবৎ সংস্কার না হওয়ার কারণে সড়কের বিভিন্ন অংশে ইটের খোয়া ওঠে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন এলাকার মানুষ ও পথচারীরা। সেই সঙ্গে বিপাকে পড়েছেন এলাকার স্কুল-কলেজ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা। জনস্বার্থে দ্রুত এই সড়ক পাকাকরণের দাবি জানান তারা।

স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের সময় এলেই বাড়িতে জনপ্রতিনিধিদের লাইন পড়ে। অনেকেই অনেক প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্বাচন পরবর্তী কেউ আর খোঁজখবর নেন না।

সমাজসেবক আবুল কাসেম তালুকদার বলেন, বাঁশডর গ্রামসহ আশপাশের ৫-৬টি এলাকার মানুষের একমাত্র যাতায়াত সড়ক এটি। বর্তমান সময়ে ছোট-বড় গর্ত সৃষ্টি হওয়ায় জনগুরুত্বপূর্ণ এ সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করেন তিনি।

আকরাম নামের স্থানীয় এক যুবক আক্ষেপ জানিয়ে বলেন, এই সড়কে গাড়ি দিয়ে যাতায়াত তো স্বপ্নের কথা! বর্তমানে হেটে চলাই দায় হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া বিভিন্ন সময় বাহিরের অতিথি, আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবরা এলাকায় আসতে চাইলেও সড়কের বেহাল দশার কথা শুনে মুখ ফিরিয়ে নেন।

ইউপি চেয়ারম্যান সাদিকুর রহমান শিশু বলেন, ওই রাস্তা সংস্কারের জন্য একাধিকবার উপজেলা পরিষদে কথা বলেছি। প্রাক্কলন পাঠানো হয়েছে। আশাবাদী দ্রুত সংস্কারের কাজের জন্য বরাদ্দ আসবে।

উপজেলা প্রকৌশলী সাব্বির আহমেদ বলেন, ‘ভরপুর হতে বাঁশডর’ সড়কের টেন্ডার একবার বাতিল হওয়ার পর ইতিমধ্যে আবারো সংস্কারের জন্য প্রাক্কলন পাঠানো হয়েছে। অনুমোদন হয়ে আসলে সংস্কারের কাজ শুরু হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন