নিউজিল্যান্ডের জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তিন ফাস্ট বোলার ম্যাট ফিশার, উইল ও’রুর্ক ও ব্লেয়ার টিকনার। বাংলাদেশে সীমিত ওভারের সফরে কিউই দলে ডাক পেয়েছেন এই ত্রয়ী। দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ টম লাথাম।সোমবার বাংলাদেশ সফরের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
পিঠের চোট কাটিয়ে ওয়ানডে দলে ফিরেছেন ও’রুর্ক। শিন ইনজুরি থেকে সেরে উঠে টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন ফিশার। অন্যদিকে, গোড়ালির চোট সারিয়ে ব্লেয়ার টিকনার ডাক পেয়েছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই সংস্করণের।
অভিজ্ঞ খেলোয়াড়দের দলে ফেরাতে পেরে বেশ খুশি নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার, ‘উইল, ব্লেয়ার এবং ম্যাট গত কয়েক মাস ধরে মাঠে ফেরার জন্য কঠোর পরিশ্রম করেছে। আধুনিক ক্রিকেটের ব্যস্ত সূচিতে আমাদের বোলিং শক্তির গভীরতা থাকাটা জরুরি। তাদের মতো মানসম্পন্ন খেলোয়াড়দের ফিরে পাওয়া দলের জন্য দারুণ খবর।’
সাদা বলের অধিনায়ক মিচেল স্যান্টনারকে এই সিরিজে পাচ্ছে না নিউজিল্যান্ড। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলায় তিনি এই সফরে থাকছেন না।
আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। সফরে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দলটি।
নিউজিল্যান্ড ওয়ানডে দল
টম লাথাম (অধিনায়ক), মুহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেইডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার ও উইল ইয়াং।
নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল
টম লাথাম (অধিনায়ক), কাটেনে ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেইডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি ও ব্লেয়ার টিকনার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

