আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফাইনালের আগে নির্ভার সূর্যকুমার

স্পোর্টস ডেস্ক

ফাইনালের আগে নির্ভার সূর্যকুমার

অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতকে প্রথমবার নেতৃত্ব দেওয়ার আগে ফুরফুরে মেজাজেই দেখা গেছে সূর্যকুমার যাদবকে। সংবাদ সম্মেলনে ভারত কাপ্তান সাফ জানিয়ে দিলেন, বরুণ চক্রবর্তীর অফ ফর্ম, টস, শিশিরের প্রভাব, পিচ সবকিছু সামলে নিতে প্রস্তুত তার দল।

বিজ্ঞাপন

প্যাট কামিন্সের মতো মিচেল স্যান্টনারও আহমেদাবাদের গ্যালারিকে চুপ করিয়ে দেওয়ার হুমকি দিয়ে রেখেছেন। এ নিয়ে প্রশ্ন উড়ে যেতেই হাসতে হাসতে সূর্যকুমার বলেন, ‘সবাই তো একই কথা বলছে। নতুন কিছু বলতে বলুন। দলের পরিবেশ খুব ভালো। ফাইনালে দলকে নেতৃত্ব দিতে পারা আমার কাছে বিশেষ সম্মানের। দেশের মাঠে একটা অসাধারণ স্টেডিয়ামে খেলতে নামব। খুবই ভালো লাগছে।’

ভারতের দলের অনেকেই ফাইনালে প্রথমবার খেলতে নামছেন। তবে আইপিএল বা অন্যান্য টুর্নামেন্টে খেলে চাপ সামলে নেওয়ার সক্ষমতা তৈরি হয়েছে তাদের মধ্যে। সূর্যকুমারের ভাষায়, ‘চাপ সামলানো নির্ভর করে কঠিন পরিস্থিতিতে আপনি কতটা শান্ত থাকছেন তার ওপর। আপনি যদি অনুশীলনে নিজের ওপর বাড়তি চাপ দিতে পারেন, যেমন ফিল্ডিংয়ে নিজের সেরাটা দেওয়া বা ব্যাটিংয়ের সময় কোনো পরিস্থিতির কথা মাথায় রাখা, তাহলে ম্যাচে নামলে বিষয়টা অনেক সহজ হয়ে যায়। আপনি বুঝে যান এই কাজগুলো আগেই করে এসেছেন।’

শিরোপা জেতার জন্য অভিজ্ঞতা কাজে লাগাতে হয়। দলে অভিজ্ঞ ক্রিকেটার থাকায় বাড়তি সুবিধা পাবে ভারত। এমনটাই মনে করছেন সূর্যকুমার, ‘আমাদের দলে এমন অনেক ক্রিকেটার রয়েছে যারা ফাইনাল খেলেছে। তারা ইতোমধ্যেই অনেক অভিজ্ঞ। আমাদের কোচও একটা ফাইনাল খেলেছেন। বুমরাহ, হার্দিক, অক্ষরের মতো ক্রিকেটাররা আইসিসির টুর্নামেন্টের ফাইনালে খেলেছে। তাই তাদের সঙ্গে কথা বলে অনেক উপকার হয়। বাসে যেতে যেতে বা নৈশভোজের সময় আমরা সেটাই আলোচনা করি। তাতে অনেক দিক উঠে আসে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। অভিজ্ঞতার দাম তো আছেই।’

দলের ‘বড় ভাই’ হয়ে উঠার চেষ্টা করেননি। তাই সফল হয়েছেন। ভারত অধিনায়ক বলেন, ‘বড় ভাই বা বাবা হয়ে কিছুই হবে না। ক্রিকেটারদের কখনো কানমূলে কোনো কাজ করানো যাবে না। স্বাধীনতা দিতে হবে। এমন নয় তাদের সঙ্গে কথাবার্তা হয় না। তবে আমার মন্ত্র হলো, সবাইকে স্বাধীনতা দাও। আমি ওদের বলি, যেভাবে সফল হয়েছ সেই কাজই করো।’

এবারের বিশ্বকাপে ভারতের বাঁ-হাতি ব্যাটসম্যানরা অফস্পিনারদের কাছে পরাস্ত হয়েছেন। এভাবে ১৫টি উইকেট খুইয়েছে স্বাগতিকরা। নিউজিল্যান্ড দলে রয়েছেন চারজন অফস্পিনার। কীভাবে সামলাবে ভারত? সূর্যকুমার দিলেন অভয়, ‘আগের ম্যাচেই আপনারা দেখেছেন যে দুই বাঁ-হাতি কী ভাবে অফস্পিনারদের সামলেছেন। ঈশান খুবই ভালো ব্যাট করেছে। শিবম দুবে, তিলক বার্মাও ভালো খেলেছে। এই মুহূর্তে এত ভাবার প্রয়োজন নেই। ফাইনালে যখন উঠেছি তখন ভালো খেলতেই হবে। ফিরে তো আর আসতে পারব না। কাল সামলে নেব।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন