২০২৮ বিশ্বকাপ ঘিরে গ্রিসের বড় পরিকল্পনা

দলে একঝাঁক অস্ট্রেলীয় ক্রিকেটার

দলে একঝাঁক অস্ট্রেলীয় ক্রিকেটার

ইতালির ক্রিকেট সাফল্যের পথ অনুসরণ করে এবার আন্তর্জাতিক ক্রিকেটের মূল মঞ্চে জায়গা করে নিতে চায় গ্রিস। বিশ্বমঞ্চে পৌঁছানোর নতুন স্বপ্নকে বাস্তবে রূপ দিতে অস্ট্রেলিয়ার প্রবাসীদের ওপর ভরসা রাখছে তারা। লক্ষ্য—২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

অস্ট্রেলিয়ায় বসবাসকারী প্রায় চার লাখ গ্রিক বংশোদ্ভূতদের মধ্য থেকে প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করার পরিকল্পনা নিয়েছে হেলেনিক ক্রিকেট ফেডারেশন (এইচসিএফ)। সেই পরিকল্পনার অংশ হিসেবেই আসন্ন টুর্নামেন্টের দলে জায়গা পেয়েছেন কয়েকজন পরিচিত মুখ।

বিজ্ঞাপন

বাছাই পর্বকে সামনে রেখে গ্রিসের গঠিত প্রাথমিক ১৪ সদস্যের স্কোয়াডে কয়েকজন জায়গা করে নিয়েছেন। অস্ট্রেলিয়ার টেস্ট তারকা স্যাম কনস্টাসের ২৪ বছর বয়সি বড় ভাই বিলি কনস্টাস গ্রিক স্কোয়াডের সবচেয়ে আলোচিত নাম। স্থানীয় ক্লাব ক্রিকেটের অভিজ্ঞতা সম্পন্ন এই অলরাউন্ডার কোচের সঙ্গে পেশায় একজন ফিজিওথেরাপিস্ট।

অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরির বয়সভিত্তিক দল মাতিয়ে আসা ২১ বছর বয়সি তরুণ লেগ-স্পিনিং অলরাউন্ডার ব্লেক ফন্সকে ভবিষ্যতের কথা ভেবে দলে নেওয়া হয়েছে। বিগ ব্যাশ, পিএসএল ও দ্য হানড্রেডে খেলা ২৭ বছর বয়সি লেগ-স্পিনার পিটার হ্যাটজোলু এবং নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলা ২৬ বছর বয়সি ব্যাটার ব্লেক নিকিতারাসের সঙ্গেও আলোচনা চালাচ্ছে গ্রিক ক্রিকেট বোর্ড।

পুরোপুরি প্রবাসীদের ওপর নির্ভরশীল না হয়ে দেশীয় ঐতিহ্য ও অভিজ্ঞতার মেলবন্ধন ঘটাতে চায় গ্রিস। ক্রিকেট বোর্ডের পরিকল্পনা অনুযায়ী, দলের মূল কাঠামোর ভারসাম্য রক্ষা করা হবে। হেলেনিক ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘আমরা রাতারাতি সম্পূর্ণ প্রবাসীকেন্দ্রিক দল গড়ে তুলতে চাই না। দেশের নিজস্ব ক্রিকেট ঐতিহ্য এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসীদের অভিজ্ঞতার সমন্বয় ঘটানোই আমাদের প্রধান লক্ষ্য।’

এই নীতি অনুসরণের অংশ হিসেবে ফিনল্যান্ড সফরের প্রাথমিক স্কোয়াডের প্রায় দুই-তৃতীয়াংশ খেলোয়াড়ই গ্রিসে জন্মগ্রহণকারী। এছাড়া যুক্তরাজ্যের কাউন্টি ক্লাবে খেলার অভিজ্ঞতাসম্পন্ন দিমিট্রিওস ত্রায়ান্ডাফিলিথিস ও ক্রিস্টোদুলোস বোগদানোসকেও স্কোয়াডে রাখা হয়েছে।

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ধাপ হিসেবে আগামী ১৪ থেকে ২১ আগস্ট ফিনল্যান্ডে অনুষ্ঠিত হবে ১০ দলের ইউরোপীয় সাব-রিজিওনাল কোয়ালিফায়ার ‘সি’।

তবে গ্রিসের জন্য পথটি সহজ হবে না। তাদের গ্রুপে রয়েছে ইউরোপীয় ক্রিকেটের শক্তিশালী দল জার্মানি। এছাড়া গ্রুপে থাকা পর্তুগালও নিজেদের শক্তিশালী করতে অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ময়েজেস হেনরিকেসকে দলে ভেড়ানোর চেষ্টা করছে।

দীর্ঘ দুই শতাব্দীর ক্রিকেট ঐতিহ্য থাকা সত্ত্বেও আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত বড় কোনো সাফল্য পায়নি গ্রিস। তবে প্রবাসীদের অভিজ্ঞতা ও স্থানীয়দের শক্তিতে ভর করে এবার ইতালিকে অনুসরণ করে নতুন ইতিহাস গড়তে চায় দলটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন