বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট টিম। ১৩ দিনের সফরে আগামীকাল ঢাকায় পা রাখছে দলটি। স্বাগতিকদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে অতিথিরা। সফর শেষে দলটি ফিরে যাবে ১৭ আগস্ট।
আগামীকাল বাংলাদেশে পৌঁছানোর পর ৬ ও ৭ আগস্ট মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে অনুশীলন সারবে মালয়েশিয়া। পরে ৮ আগস্ট শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। ম্যাচটি মাঠে গড়াবে দুপুর ২টায়। একই ভেন্যুতে ১০ আগস্ট হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি।
টি-টোয়েন্টি সিরিজ শেষে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মোকাবিলা করবে মালয়েশিয়া। ১২, ১৪ ও ১৬ আগস্ট বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে গড়াবে তিনটি ওয়ানডে। প্রতিটি ম্যাচ শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে। খেলা চলবে বিকাল ৫টা পর্যন্ত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

