সিলেটে পরীক্ষা ছাড়াই মেডিকেল সনদ, লাখ টাকা জরিমানা

সিলেটে পরীক্ষা ছাড়াই মেডিকেল সনদ, লাখ টাকা জরিমানা

কোনো ধরনের মেডিকেল পরীক্ষা বা রক্তের নমুনা সংগ্রহ না করেই বিদেশগামী যাত্রীদের মেডিকেল ফিটনেস সনদ দেওয়ার অভিযোগে সিলেটের হিলভিউ মেডিকেল সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে নগরের আম্বরখানা-এয়ারপোর্ট রোডে অবস্থিত হিলভিউ মেডিকেল সেন্টারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া।

আদালত জানায়, বিদেশগামী যাত্রীদের মেডিকেল পরীক্ষার জন্য সরকার নির্ধারিত ৮ হাজার ৫০০ টাকার পরিবর্তে ১২ হাজার ৫০০ টাকা করে নেওয়ার অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে তদন্ত চালানো হয়। তদন্তকালে বিদেশযাত্রীদের সঙ্গে প্রতারণাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায় বলে জানিয়েছে অধিদপ্তর।

সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া বলেন, ‘অভিযোগের ভিত্তিতে তদন্তে গিয়ে আমরা বেশ কিছু গুরুতর অনিয়ম দেখতে পাই। প্রতিষ্ঠানটির কোনো রেজিস্টারও পাওয়া যায়নি। এমনকি কোনো পরীক্ষা না করেই এবং অনেক ক্ষেত্রে রক্তের নমুনা সংগ্রহ না করেই বিদেশগামী যাত্রীদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দেওয়া হয়েছে।’

তিনি জানান, এসব অনিয়মের বিষয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড আর করবে না বলে স্বীকার করে। এ কারণে প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ না করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন