হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৫৯ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এ জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা। অস্ট্রেলিয়ার দারুণ এ জয়ের নেপথ্যে নায়ক সেঞ্চুরিয়ান ম্যাট রেনশ এবং ৫ উইকেট শিকারি পেসার নাথান এলিস।
মঙ্গলবার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। শুরুতেই ট্রাভিস হেডের (৪) উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারীরা। তবে মিডল অর্ডারে কুপার কনোলির ৫১ এবং শতক হাঁকানো ম্যাট রেনশর দুর্দান্ত ১০৯ রানের ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৪ রানের পাহাড়সম স্কোর দাঁড় করায় অজিরা। রেনশর ৯৪ বলের ইনিংসটিতে ছিল ৭টি চার ও ৩টি ছক্কার মার। জিম্বাবুয়ের পক্ষে ২০ বছর বয়সী তরুণ পেসার নিউম্যান ন্যামহুরি ৬২ রানে ৫টি উইকেট নেন।
২৯৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে বিপদে পড়ে জিম্বাবুয়ে। মাত্র ৬২ রানে ৪ উইকেট হারানোর পর দলের হাল ধরেন ক্রেইগ আর্ভিন ও অধিনায়ক সিকান্দার রাজা। পঞ্চম উইকেটে এই দুজন ৯৮ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে জিম্বাবুয়েকে জয়ের স্বপ্ন দেখান। আর্ভিন ৫৯ রান করে নাথান এলিসের বলে বোল্ড হলে সেই স্বপ্ন ভাঙতে শুরু করে। এরপর সিকান্দার রাজাও ৫৭ রানে আউট হলে জিম্বাবুয়ের ইনিংস গুঁড়িয়ে যায়। ৪৫.১ ওভারে ২৩৫ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা।
অস্ট্রেলিয়ার পক্ষে পেসার নাথান এলিস ৩১ রান দিয়ে ৫টি উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ তছনছ করে দেন। ব্যাট হাতে সেঞ্চুরি ও বল হাতে ১টি উইকেট নিয়ে অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরার পুরস্কার পান ম্যাট রেনশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

