আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক

দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু পাকিস্তানের

১৪৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১১৪ রানে নেই ৭ উইকেট। জয় তখন দূরের তারার মতো। তবে দলটা পাকিস্তান বলেই রুদ্ধশ্বাস অপেক্ষায় ছিলেন দর্শকরা। নিরাশ করলেন না ফাহিম আশরাফ। এক ওভারেই ২৪ রান নিয়ে ৩ বল হাতে রেখেই দলকে এনে দিলেন ৩ উইকেটের জয়। দুর্দান্ত জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল পাকিস্তান।

বিজ্ঞাপন

টস জিতে আগে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তে শুরুতে সাফল্য পেলেও শেষ পর্যন্ত ম্যাচটি জিততে পাকিস্তানকে যেতে হয়েছে নাটকীয় এক পথ বেয়ে। নেদারল্যান্ডসের দেওয়া ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাঝপথে চাপে পড়ে গেলেও ফাহিম আশরাফের বিধ্বংসী ক্যামিওতে শেষ হাসি হেসেছে সালমান আলী আগার দল।

প্রথমে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডসকে শুরুতেই চাপে রাখেন পাকিস্তানি বোলাররা। মাইকেল লেভিট ১৫ বলে ২৪ রানের ঝড়ো সূচনা দিলেও ম্যাক্স ও’ডাউড দ্রুত ফিরে যান। এরপর বাস ডি লিডি ও কলিন অ্যাকারম্যান কিছুটা প্রতিরোধ গড়লেও ইনিংস বড় করতে পারেননি। অধিনায়ক স্কট এডওয়ার্ডস ২৯ বলে ৩৭ রানের কার্যকর ইনিংস খেললেও নিয়মিত উইকেট পড়ায় ডাচরা ১৯.৫ ওভারে ১৪৭ রানেই গুটিয়ে যায়। সালমান মির্জা ছিলেন পাকিস্তানের সেরা বোলার, ৩ উইকেট নেন তিনি।

জবাবে উড়ন্ত শুরু পায় পাকিস্তান। সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব পাওয়ারপ্লেতেই ম্যাচ নিজেদের মুঠোয় নেন। ফারহানের ৪৭ রানের ইনিংসের পর হঠাৎ ধস নামে মিডল অর্ডারে। একের পর এক উইকেট হারিয়ে ১১৪ রানে ৭ উইকেটে পড়ে যায় পাকিস্তান।

ঠিক তখনই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ফাহিম আশরাফ। মাত্র ১১ বলে ২৯ রানের আগ্রাসী ইনিংসে ২ চার ও ৩ ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন তিনি। ১৯.৩ ওভারে ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...